
মুখের ভাষার অধিকারের জন্য একমাত্র জাতিকে সর্বোত্তম ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলা আমাদের প্রাণের ভাষা। এই ভাষাকে কখনোই অমর্যাদা করা উচিত নয়। কিন্তু অনেকেই আছেন, যাঁরা ছেলেমেয়েদের বাংলা না শিখিয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাচ্ছেন। অফিস-আদালতেও বাংলার প্রচলন নেই।
এ মন্তব্য তাঁদের, যাঁরা গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার উদ্বোধনীতে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারও পক্ষকালব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘রাষ্ট্র চলবে বাংলায়, না চলা অন্যায়’—স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হয়েছে তাদের ১৪ দিনের অনুষ্ঠানমালা।
শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিসহ আয়োজকেরা। উদ্বোধনী পর্বে মুক্তিযুদ্ধ ও ভাষাসংগ্রামে শহীদদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবাই মিলে জাতীয় সংগীত এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করেন।
অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চার ভাষাসংগ্রামী বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক শরীফা খাতুন, অধ্যাপক ফুলে হোসেন ও সাবির আহমেদ চৌধুরী। পরে অতিথিরা উদ্বোধনী আলোচনায় অংশ নেন। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, ঝুনা চৌধুরী, ফকির আলমগীর, মান্নান হীরা, মুহাম্মদ সামাদ, হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘যে দেশে শহীদ মিনার আছে’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ‘স্পন্দন’ শিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সমর বড়ুয়া, আরিফ রহমান ও আবিদা রহমান। একক আবৃত্তি করেন রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী প্রমুখ।
১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্রসরোবরে চলবে এ আয়োজন।