‘রাসমণির ছেলে’ নিয়ে টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে কয়েকটি নাটক ও টেলিছবি তৈরি করেছিলেন সাইদুল আনাম টুটুল। এবার তিনি রাসমণির ছেলে গল্প নিয়ে তৈরি করেছেন টেলিছবি। নাম রাসমণির ছেলে। নিজের নতুন কাজটি নিয়ে টুটুল বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত কয়েকটি গল্প নিয়েই সবাই নাটক কিংবা টেলিছবি তৈরি করেন। রাসমণির ছেলে একটু বড় গল্প। এটা নিয়ে কাজ করা একটু কঠিন। তবে আমি খুব চেষ্টা করেছি। গল্পটির ভিন্ন রকম একটা আবেদন রয়েছে। আশা করছি, দর্শকদের ভালোই লাগবে।’টেলিছবিটির শুটিং হয়েছে গত মাসে কুষ্টিয়ায়। টুটুল বললেন, ‘রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ করার একটা বড় সমস্যা হলো সময়টাকে তুলে ধরা। আমি সেট তৈরি করে তা করতে চাইনি। তাতে গল্পের আবহটা ধরা যায় না। কুষ্টিয়ার যে বাড়িতে আমরা শুটিং করেছি, ওটা সেই ব্রিটিশ আমলের তৈরি। অনেক পুরোনো। ঝুঁকিপূর্ণও হয়ে গেছে। আমাদের শুটিং যেদিন শেষ হলো, তার পরদিন থেকেই বাড়িটি ভাঙা শুরু হয়।’টেলিছবিটির নাট্যরূপ দিয়েছেন নাসরীন মুস্তাফা এবং পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। পঁচিশে বৈশাখে এটিএন বাংলায় দেখানো হবে টেলিছবিটি।