‘রাঢ়াং’ নাটকের শততম প্রদর্শনী উৎসব
আরণ্যক নাট্যদলের জনপ্রিয় নাটক রাঢ়াং মঞ্চে এসেছিল ২০০৮ সালের সেপ্টেম্বরে। সাঁওতালদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং সংগ্রামের চিত্র নিয়ে নাটকটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। গত ছয় বছরে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চ ঘুরে এরই মধ্যে নাটকটির ৯৯টি প্রদর্শনী হয়েছে। ভারতের দিল্লি, কেরালা এবং দক্ষিণ কোরিয়ার তিনটি আন্তর্জাতিক নাট্যোৎসবেও নাটকটি প্রদর্শিত হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি নাটকটির শততম প্রদর্শনী হবে। এ উপলক্ষে আরণ্যক নাট্যদল ২২ ও ২৩ ফেব্রুয়ারি এক নাট্যোৎসবের আয়োজন করেছে। আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামনুর রশীদ বললেন, ‘একটি নাটকের শততম প্রদর্শনী হওয়া অত্যন্ত আনন্দের ব্যাপার। রাঢ়াং নাটকটির মধ্য দিয়ে এ দেশের বাঙালি এবং আদিবাসীদের মধ্যে একটা সেতুবন্ধন রচিত হয়েছে। এই উৎসবে আমরা সাঁওতালি নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানিয়েছি।’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সামনে উৎসবের উদ্বোধন হবে ২২ ফেব্রুয়ারি বিকেলে। উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন করবে সাঁওতাল নৃত্যশিল্পীরা। সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক রাঢ়াং। পরদিন একই মিলনায়তনে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে।