
অমিতাভ রেজার পরবর্তী ছবি রিকশা গার্ল-এর ১৫ শতাংশে থাকবে অ্যানিমেশন। অন্যদিকে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজওয়ার্কসে কর্মরত বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা জানালেন, মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অ্যানিমেশন ছবি সার্ভাইভিং ৭১–এর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। এ খবরগুলো জানা গেল গত বৃহস্পতিবার ‘সিগ্রাফ’-এর বাংলাদেশ অধ্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী বাংলাদেশি অ্যানিমেশন শিল্পী নাফিস বিন যাফর।
অ্যানিমেশন গবেষক, শিল্পী, ডেভেলপার, চলচ্চিত্র নির্মাতা ও ব্যবসায়ীদের মিলনমেলা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিগ্রাফ’। বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো বাংলাদেশে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশি শিল্পী, অ্যানিমেটররা পৃথিবীর বড় বড় প্রযুক্তিবিদের সাহচর্য পাবেন। এ ঘোষণা দিলেন দুবার অস্কারজয়ী নাফিস বিন যাফর।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সিগ্রাফের উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী পর্ব শেষে একটি বিশেষ আলাপচারিতায় মন্ত্রীর সঙ্গে মঞ্চে ওঠেন নাফিস, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কানাডা থেকে আলোচনায় যোগ দেন নির্মাতা ও অ্যানিমেশন শিল্পী ওয়াহিদ ইবনে রেজা। আলাপচারিতার ফাঁকে অমিতাভ রেজা জানান, তাঁর পরবর্তী ছবি রিকশা গার্ল-এ বাংলাদেশের রিকশাচিত্রকে প্রাণ দিতে চান তিনি। আর এ জন্য ভালো ও মেধাবী বাংলাদেশি অ্যানিমেশনশিল্পীদের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী। পরামর্শ চান অস্কারজয়ী নাফিসের কাছেও। এর আগে অমিতাভের আয়নাবাজি ছবিটি বেশ সাড়া ফেলেছিল। এদিকে ওয়াহিদ ইবনে রেজা তাঁর ছবিটি নিয়ে বলেন, ‘আমার অ্যানিমেশন ছবির (সার্ভাইভিং ৭১—অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার) কাজে হাত দেওয়ার পর বুঝতে পারলাম, জানি না কী হবে! তবে মাঠে নেমে গেছি, খেলতে হবেই। ফোকাসড থাকা খুব জরুরি।’
অনুষ্ঠানের শুরুতে এসিএম সিগ্রাফ সম্পর্কে বলেন এর বাংলাদেশ অংশের কর্মকর্তা জুবায়ের কাওলিন। তিনি জানান, সিগ্রাফ বাংলাদেশে বছরে অন্তত দুবার অ্যানিমেশনশিল্পী ও বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলনের আয়োজন করবে।