
একেবারে অপ্রত্যাশিতভাবে রীনা ব্রাউন দেখে ফেলা। ‘রীনা ব্রাউন’ মানেই তো সপ্তপদীর সুচিত্রা সেন। তবে কি তাঁকে নিয়ে ছবি, নাকি সপ্তপদীর রিমেক যাকে বলে, তা-ই? কোথাও কোনো পোস্টার নেই। প্রচারণা দেখিনি তেমন। চলচ্চিত্র পাঠের ছাত্র হিসেবে সুযোগ পেলে সিনেমা হলে ঘোরাঘুরি করি। সিনেপ্লেক্সের দ্বারস্থ হই ক্বচিৎ, কদাচিৎ। কারণ, টিকিটের মূল্য। সেখানেই চোখে পড়ে পোস্টারটি। দ্বিধা নিয়েই হলে ঢোকা। ইমপ্রেস টেলিফিল্মের ছবি। উৎসর্গ প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে। অভিনয়শিল্পীর তালিকায় বরুণ চন্দের নাম দেখে চমকাই। কারণ, কদিন আগেই সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবিতে তাঁকে যুবক রূপে দেখা। পরে সাম্প্রতিক কলকাতার বাংলা এবং বলিউডের হিন্দি ছবিতেও দেখি তাঁর ক্যারিশমাটিক উপস্থিতি।
রীনা ব্রাউন ছবির গল্পটা দুটো ছেলেমেয়ের, গল্পটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধার। তাঁদের মানসিক দ্বন্দ্বের এবং নিজের সঙ্গে যুদ্ধের। গল্পের ছলেই বলা ইংরেজদের ২০০ বছরের গোলামি, পাকিস্তানের জন্য মুসলিম লীগের পক্ষে পূর্ব বাংলার মুসলিমদের সমর্থন, দেশ বিভাগ, পর্যায়ক্রমে সেনাশাসন, বাঙালিদের দমিয়ে রাখা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা। ’৬৯-এর গণ-অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ এসেছে যেমন একটু–আধটু করে, তেমনি এসেছে একটি সময়ের চিত্র, যা আমাদের প্রজন্মের জন্য বুঝে ওঠা কঠিন। হয়তো পরিচালক শামীম আখতার বিশ্বস্ত থাকতে চেয়েছেন ইতিহাসের কাছে। তাই অজানা কিছু অধ্যায়কে আজকের তরুণদের কাছে মহিমান্বিত করতে চেয়েছেন। টুকরো টুকরো বলা। দেখতে গিয়ে মনে হয়েছে, সেই ইতিহাসের জ্বলন্ত অধ্যায়গুলো আজকের তারুণ্যের কাছে তুলে ধরার প্রয়াস।
আমাকে চমৎকৃত করেছে ৪০ বছর পর অ্যাংলো-ইন্ডিয়ান বংশোদ্ভূত এককালীন প্রেমিকার সঙ্গে বাঙালি সেই মুক্তিযোদ্ধার অধ্যায়। আমরা যাঁরা লাস্যময়ী নায়িকা আর সুদর্শন নায়কদের নাচ–গানভরা প্রেমে মগ্ন হই, সে আখ্যান ভাঙার চেষ্টা রয়েছে। ভালো লেগেছে গানগুলো। ভালো লাগেনি সম্পাদনাগত কিছু দুর্বলতা। শব্দবিন্যাসে লক্ষ রাখা উচিত ছিল। গানে এবং সুরে পৃথ্বিরাজ অনবদ্য। ঋতুরাজের মসৃণ গায়কি আপ্লুত করে। শিল্পীদের অভিনয়ও চমৎকার। নায়ক হিসেবে বরুণ চন্দ ও মাহফুজ রিজভী সাবলীল এবং ঐকান্তিক। নায়িকা প্রমা পাবনী প্রশংসা কুড়াবেন অবলীলায়।
তৃপ্তি নিয়েই বেরোনোর মতো চলচ্চিত্র রীনা ব্রাউন। এর সব কলাকুশলীকে অভিনন্দন। বিশেষ করে দুজন ‘ডিওপি’—বরকত পলাশ ও কাসেফ শাহবাজী। তাঁরা চলচ্চিত্র ধারণে দর্শনীয় মাত্রা যুক্ত করেছেন। এডিটর সুমন আরেকটু সচেতন হতে পারতেন। তবু ভালো করেছেন। সবশেষে বলব, যে মধ্যবিত্ত দর্শক সিনেমা হলের চৌহদ্দি থেকে ছিটকে গিয়েছিলেন, তাঁরা হলে এসে অবশ্যই রীনা ব্রাউন দেখতে পারেন।