'রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম' নতুন করে বাংলাদেশে

এ কথা অনেকেরই জানা, ‘রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম’ বাংলায় অনুবাদ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বইটি কলকাতা থেকে প্রথম প্রকাশ হয়েছিল ১৯৩৫ সালে এবং দ্বিতীয় প্রকাশ হয়েছিলো ১৯৫৮ সালে। নতুন খবর হলো, এবার নতুন আঙ্গিকে বইটি বাংলাদেশে প্রকাশ পেলো।
নজরুল ইসলামের অনুবাদকৃত পারস্য কবি, গণিতবিদ ও দার্শনিক ওমর খৈয়ামের অমর গ্রন্থ ‘রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম’ বাংলাদেশে প্রথম মুদ্রণ করেছে চ্যানেল আই। আজ দুপুরে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত-এর সৌজন্যে প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল পরিবারের সদস্য আর নজরুল অনুরাগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহা-পরিচালক শামসুজ্জামান খান। আরো ছিলেন চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার ও জহির উদ্দিন মাহমুদ, লায়ন্স ক্লাব অব ঢাকা-অনন্ত-এর প্রেসিডেন্ট ও বইটির প্রকাশক ইনামুল হক খান, কলকাতা থেকে আসা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ, নাতনী কাজী অনিন্দিতা এবং ঢাকার খিলখিল কাজী। অনুষ্ঠানে নজরুলের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন পরিবারের তিন সদস্য। আর কথা বলেন লায়ন্স ক্লাবের গভর্ণর স্বদেশ রঞ্জন, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ ও ফাতেমা-তুজ জোহরা, কবি রেজাউদ্দিন স্টালিন প্রমুখ। ‘রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম’ থেকে আবৃত্তি করেন শিমুল মোস্তফা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
কথায়, স্মৃতিচারণে প্রাণবন্ত আয়োজনটি আরও মুখর হয় তখন, যখন নজরুলের পরিবারের সদস্যরা বাংলাদেশের অন্য শিল্পীদের নিয়ে খালি কন্ঠে গেয়ে শোনান নজরুলের ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’ গানটি। এ গানের মধ্য দিয়েই শেষ হয় আয়োজন।
বইটির আধুনিক পুনরুদ্ধার ও সংরক্ষণ করেছেন কাজী অনির্বাণ (হিন্দুস্থান পার্ক, কলকাতা), মুদ্রণ তত্ত্বাবধান করেছেন হাবিবুল হুদা এবং গ্রাফিক্স করেছেন নুরুল ইসলাম।