
ঝুমা খন্দকার। দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন আর রজনীকান্ত সেনের গান গেয়ে পরিচিতি পেয়েছেন তিনি। তবে ঝুমা সব ধরনের গানই করেন। আজ তিনি গাইবেন মাছরাঙা টিভিতে। অনুষ্ঠানের নাম ‘তোমায় গান শোনাব’। তোমায় গান শোনাব... অনুষ্ঠানে পঞ্চকবির গান করব। তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেন। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। ‘নীল আকাশের নিচে’... আমার প্রথম অ্যালবাম। যৌথ। আমার সঙ্গে ছিলেন শিল্পী অনুপ কুমার। ১৯৯৮ সালে এটি বের হয়। আমার ছয়টি অ্যালবাম বেরিয়েছে। দ্বিতীয়টিও অনুপ কুমারের সঙ্গে, পুরোনো দিনের গান নিয়ে কত প্রিয়। এর পরের অ্যালবামগুলো একক—পুরোনো দিনের গান নিয়ে সন্ধ্যা আকাশের তারা, মৌলিক গান নিয়ে রাতের কান্না, পঞ্চগীতিকবির গান নিয়ে আজি নূতন রতনে। আর গত বছর বাজারে এসেছে রবীন্দ্রসংগীত নিয়ে বেদনবাঁশি অ্যালবামটি। রবীন্দ্রভারতীতে পড়তে গিয়ে... আমার স্বপ্নের জায়গা ছিল রবীন্দ্রভারতী। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়ে গান শিখব—এর চেয়ে আনন্দের আর কী আছে! সেখানকার শিক্ষকদের কাছে গান শিখতে পারা ভাগ্যের ব্যাপার। এ জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। প্রতিদিনের রেওয়াজ...আমার দুই মেয়ে, সংসার, তাদের সময় দেওয়া এবং ছায়ানটের কাজ শেষ করে রেওয়াজের জন্য সময় বের করা কঠিন। তবু প্রতিদিনই হয় ভোরে, না হয় রাত ১১টার পর রেওয়াজ করি। রেওয়াজ ছাড়া থাকা আমার জন্য কঠিন। মো. রুবেল