'রেগে গেলে চিংড়ি মাছের মতো লাফঝাঁপ করি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসানা মিমি
আফসানা মিমি

আফসানা মিমি। বাংলাদেশের অভিনয়-জগতে অনন্য নাম। অভিনয়ের পাশাপাশি সমান জনপ্রিয় পরিচালক হিসেবেও। পরিচালনা করছেন রান ছবিটি। আজ তাঁকে দেখা যাবে বিটিভিতে, হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকে।
‘রান’ যেমনটা এগোচ্ছে...

ভালোভাবেই এগোচ্ছে। শুটিং চলছে। সামনে সিলেটে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বলে আশা করছি।

যে নির্মাতারা আমাকে অনুপ্রাণিত করেন...

জহির রায়হান, সত্যজিৎ রায় ও আকিরা কুরোসাওয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেন।

‘জিরো পয়েন্ট’ থেকে এখন যেখানে...

আমার প্রথম নাটক ছিল জিরো পয়েন্ট (১৯৯০)। এখন টেলিভিশন নাটকে আমাকে নিয়মিত বলা যায় না, আবার অনিয়মিতও বলা চলে না। বলতে পারেন, নাটকে অভিনয় থেকে দূরে আছি। মাঝেমধ্যে অনুরোধে দু-একটি নাটকে অভিনয় করছি। আর প্রোডাকশন হাউস দেখভাল করে সবকিছু চালিয়ে যাওয়া কঠিন।

‘কোথাও কেউ নেই’-এ আমি যেখানে আছি...

নাটকটিতে অভিনয়ের সময় আমার বয়স ছিল ২৪-এর মতো। পুরো অভিজ্ঞতাই অসাধারণ। নাটকটিতে মাসুদ আলী খানকে দাদাজান ডাকতাম। এখনো ডাকি। আমার বাবা চরিত্রে অভিনয় করেছিলেন মোজাম্মেল হক। পরবর্তী সময়ে তাঁকেও বাবা বাবা বলে ডাকতাম। এখন নাটকটি আবার দেখতে গিয়ে তাঁকে খুব মিস করছি। মিস করছি হুমায়ূন আহমেদকে। নাটকটিতে একটি দৃশ্য ছিল, যেখানে আমি, শীলা ও সুবর্ণা মুস্তাফা বৃষ্টিতে ভিজছি। সেই দৃশ্যটি দেখে সেদিন সুবর্ণা আপাকে ফোন করেছিলাম। তখন তিনিও নাটকটি দেখছিলেন।

পরিচালক হুমায়ূন আহমেদের যে দিকটি আমাকে মুগ্ধ করত...

হুমায়ূন আহমেদের পরিচালনায় নক্ষত্রের রাত, সবুজ সাথী নাটকগুলোতে অভিনয় করেছি। পরিচালক হিসেবে দারুণ ইমপ্রোভাইজেশনাল ছিলেন তিনি। দৃশ্যের মাঝে হঠাৎ এমন একটা পরিবর্তন আনতেন, যা হতো দুর্দান্ত। আর চট করে অনুভূতিতে এমন নাড়া দিয়ে যেতেন, যা মুগ্ধ হওয়ার মতো।

মঞ্চের আলোয়...

অনেক দিন বাদে আবার প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য নাটকটি করছিলাম। কিন্তু ছবি পরিচালনার জন্য ছুটি নিতে হয়েছে। সামনে যদি মঞ্চে কাজ করার কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে তা কাজে লাগাব।

‘বন্ধন’ আর এখনকার মেগা সিরিয়ালের তুলনা...

আমাদের দেশের ধারাবাহিকগুলোর একটা ভাষা ছিল, একটা সৌরভ ছিল। বিটিভির অনেক অসাধারণ ধারাবাহিক দেখে বড় হয়েছি আমরা। পরবর্তী সময়ে আমাদের প্রজন্ম যখন ধারাবাহিক নির্মাণ শুরু করল, তখন সেখানেও সেই ভাষা ছিল। কিন্তু এখন ধারাবাহিকগুলোতে ভারতীয় সিরিয়ালের প্রভাব স্পষ্ট। এটা থেকে সহজেই মুক্ত হওয়া সম্ভব। আমাদের নিজস্বতা নিয়েই কাজ করতে হবে।

মানুষ আফসানা মিমির বড় গুণ...

আমি পরিশ্রম করতে পারি। আর দোষ হলো,    রেগে গেলে চিংড়ি মাছের মতো লাফঝাঁপ করি! হা হা হা হা!

অভিনেত্রী, মডেল, পরিচালক, প্রযোজক, উপস্থাপক—এর বাইরেও যে পরিচয়ে পরিচিত    হতে ভালো লাগে...

পরিচালকের স্বীকৃতি আমি পেয়েছি। কিন্তু অভিনেত্রী পরিচয়টাই বহন করে চলি। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যে যা পছন্দ করে তা-ই করছে। তাই বলব, এই পরিচয়েই সন্তুষ্ট আমি।

নিজেকে প্রশ্ন করে যে উত্তর পাই না...

জীবনযাপনের জটিলতার আবর্তে সবকিছু সহজভাবে চিন্তা করতে পারি না। কেন পারি না?—এই প্রশ্নের উত্তর পাই না!

মাহফুজ রহমান