'রেনুবালা' হওয়ার গল্প বললেন পিয়া

রেনুবালা হিন্দু বিধবা। থাকেন ছিটমহলে। সাদা শাড়ি, প্রসাধনহীন মুখ আর বিষণ্ন চাহনিতেই চেনা যায় রেনুবালাকে। সম্প্রতি ‘শেষ প্রহর’ ছবির এমনই একটি চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবিটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। গতকাল থেকে ‘শেষ প্রহর’ ছবিটির শুটিং শুরু হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়াতে।
‘রেনুবালা’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি কখনো গ্রামের কোনো মেয়ের চরিত্রেই অভিনয় করিনি। সেখানে একধাপে ‘বিধবা’। এ চরিত্রে অভিনয় আমার জন্য আসলেই কঠিন ছিল। শুরুতে খানিক ভয়ও ছিল। তবে এখন কাজ করতে এসে ভয়টা কেটে গেছে।’
দেশ-বিদেশে মডেলিং আর আধুনিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে পিয়ার। ‘রেনুবালা’ চরিত্রে অভিনয়ে তাঁর এই ভয়কে জয় করার পেছনের রহস্য খোলাসা করলেন তিনি নিজেই। পিয়া বললেন, ‘শুটিং এ আসার আগে একসঙ্গে পুরো টিম অনেকবার বসেছি। বেশ কয়েক দিন মহড়া করেছি। আর আমার চরিত্রের জন্য বেশ কয়েকটি সিনেমাও দেখেছি।’
বিধবা চরিত্রের পোশাক, চালচলন বোঝার জন্য পিয়া এরই মধ্যে দেখেছেন চোখের বালি, গয়নার বাক্সসহ বেশ কয়েকটি সিনেমা। বেশি খেয়াল করেছেন ‘চোখের বালি’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের অভিনয়। সব মিলিয়ে বেশ খেটে-খুটেই এমন চরিত্রে অভিনয় করতে নেমেছেন তিনি।
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে পিয়া বলেন, ‘জায়গাটা অনেক সুন্দর। কাজটাও বেশ ভালো হচ্ছে। আর গল্পটা সদ্য বিনিময় হওয়া ছিটমহলের আবেগ অনুভূতি আর ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে। ভালোমতো শেষ করতে পারলে অনেক বড় একটা কাজ হবে।’
কথা প্রসঙ্গে হাসতে হাসতে পিয়া বললেন, ‘বিধবা চরিত্রে অভিনয় করতে গিয়ে ভাগ্যিস আমার চুল কাটতে হয়নি। কাটা পড়লে খুব কষ্ট হতো। কারণ আমার চুল আমার খুবই পছন্দের।’
এর আগে ‘স্টোরি অব সামারা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন পিয়া। এ ছাড়া, তিনি দেশের বাইরেও বেশ কয়েক এজেন্সির হয়ে মডেলিং করেছেন। দেশে ছোটপর্দার জন্য নাটকে অভিনয় করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।