'রোমিও অ্যান্ড জুলিয়েট' নতুন হয় কীভাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে রোমিও অ্যান্ড জুলিয়েট–এর মহড়া
চলছে রোমিও অ্যান্ড জুলিয়েট–এর মহড়া

নাটক শুরুর ঘণ্টা বাজল। কিন্তু নাটক কি শুরু হলো? না, নির্দেশক বললেন, ‘আমি বললে ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল দেবেন সিদ্দিক ভাই।’ নির্দেশক নির্দেশ দিচ্ছেন, অমনি বাজছে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড বেল। এখন দেখা যাবে উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট। বসে আছি সেই আশায়। ওমা, এ তো দেখি, নাটকের মধ্যেও চলছে মহড়া! আমরা রোমিও অ্যান্ড জুলিয়েটই দেখছি। তবে ওই নাটকের মধ্যে আবার মহড়া করছেন রোমিও চরিত্রের অভিনেতা। আর তার মহড়া দেখে পরিচালক চরিত্রের অভিনেতার সংলাপ, ‘কী হচ্ছে এসব?’
রোমিও: কেন, হচ্ছে না?
পরিচালক: কী হওয়াচ্ছ যে হবে, রোমিওর সেই চাওয়া-পাওয়া কোথায়? সেই রোমান্স কোথায়?
এরপর মঞ্চে লেগে গেল তুমুল হট্টগোল। নাটকের অভিনয়শিল্পীরা পরিচালকরূপী অভিনেতার কাছে প্রশ্ন রাখলেন, ‘আচ্ছা মুকুট ভাই, বলুন তো এই ২০১৬ সালে ৪৫০ বছরের পুরোনো নাটকটি কেন প্রাসঙ্গিক?’
পরিচালক চরিত্রের অভিনেতার সংলাপ, ‘২০১৬-তে এসে প্রযুক্তির এই চরম বিকাশের কালে সিএনএন, বিবিসি, আল-জাজিরা—যে মনিটরেই তাকাই না কেন, সব দাউদাউ করে জ্বলছে, সভ্যতা পুড়ে যাচ্ছে। রক্ত, চারদিকে শুধু রক্ত। তোমাদের কি মনে হয় না, এই রক্তারক্তির পেছনে কোনো কারণ আছে?...কারণটি হলো প্রেম।...প্রেম নেই বলে রক্তারক্তি। যে কারণে রোমিও অ্যান্ড জুলিয়েট আজও প্রাসঙ্গিক।’
পরিচালক চরিত্রটি যখন এই সংলাপ আওড়াচ্ছেন, তখন মঞ্চে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, সিএনএন, বিবিসিতে প্রচারিত ধ্বংসযজ্ঞের ফুটেজ।
হ্যাঁ, রোমিও অ্যান্ড জুলিয়েট-এর এই নব রূপায়ণে, নাটকের মধ্যে মহড়ার দৃশ্যে খানিকটা চমক আছে বটে। ৭ মে আমরা বসে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনার মহড়া দেখছি। এতক্ষণে বুঝেও গেছি, নাট্যতত্ত্ব বিভাগের বর্তমান সভাপতি ইউসুফ হাসান—নাট্যাঙ্গনে যাঁর পরিচয় অর্ক নামে—এই নাটকের নির্দেশনা দিতে এসে তিনি শেক্সপিয়ারকে অনুসরণ করেছেন ঠিকই, তবে তা নিজের মতো করে।
অর্কর কথায়, ‘শেক্সপিয়ারের লেখা অবলম্বনে এবং তাঁর থেকে প্রেরণা নিয়েই মঞ্চে আনতে চাইছি রোমিও অ্যান্ড জুলিয়েট। ফলে এখানে আমি নাটকের মূল পাণ্ডুলিপির ভাবটি ঠিক রেখেছি, হুবহু অনুবাদ করিনি। তাই এই প্রযোজনাকে আমরা রোমিও অ্যান্ড জুলিয়েট না বলে বলতে চাই নিও রোমিও অ্যান্ড জুলিয়েট।
অর্কর কথার প্রতিফলন দেখা যায় নাটকে। ফলে টাইবট যখন মার্কেসিওকে হত্যা করছে, তখন আবারও মাল্টিমিডিয়ার ব্যবহার দেখা গেল মঞ্চে। কিন্তু এ দৃশ্যে মাল্টিমিডিয়ায় হঠাৎ হিটলারের মুখ ভেসে উঠল কেন? প্রশ্নটি আমরা মাথাতেই রাখি। আর এর আগেই দেখতে পাই, মন্টেনো পরিবারের রোমিও ছদ্মবেশে এসেছে ক্যাবুলেট পরিবারের জুলিয়েটের বাড়িতে, তাদের আবেগঘন প্রেম মুহূর্তের সাক্ষী হই এই সময়, এ যুগলের গোপন বিয়ের বার্তাও পাওয়া যায়। তবে এত সব দৃশ্যে, এসব ঘটনার দৃশ্যায়নে মঞ্চ কিন্তু বেশ নিরাভরণ; বরং মঞ্চটি বারবার ভরে উঠছে কোরিওগ্রাফি ও চমৎকার সুরেলা গানের লহরিতে।
নাটকটির ব্যাপ্তি ১ ঘণ্টা ১০ মিনিট। এর মধ্যে সেদিন আমরা দেখলাম ৪০ মিনিট। ৪০ মিনিট পর মহড়া থামল। নির্দেশক অর্ক অগ্নিশর্মা, প্রযোজনার একজন নেপথ্য কুশীলবকে বললেন, ‘মার্কেসিওর হত্যাদৃশ্যে হিটলারের ছবি কেন? এখানে তো অন্য ফুটেজ আসার কথা ছিল। এভাবে কাজ করলে থিয়েটার হবে?’
মহড়ায় নির্দেশকের সামনে টু শব্দটি করছে না কেউ। ভুল তো একটু হয়েছেই। কিন্তু তা শুধরে নেওয়ার সময়ও আছে। কারণ, নাটকটি মঞ্চে আসতে বাকি আরও কিছুদিন। তবে একটি চমক-জাগানো ভিন্ন রকম নাটক যে আসছে ঢাকার মঞ্চে, তা বুঝতে পারি আমরাও। এখন কেবল দেখার অপেক্ষা, রোমিও অ্যান্ড জুলিয়েট নতুন হয় কীভাবে?