‘রোবট’-এর মতো নয় ‘রা ডট ওয়ান’: শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খানের রা ডট ওয়ান ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে। কদিন আগে আলোর মুখ দেখেছে ছবিটির বিজ্ঞাপনচিত্র। আর তা দেখে অনেকেরই মন্তব্য, এই ছবি রজনীকান্তের রোবট ছবিটির মতো! বিশেষ করে কয়েকটি অ্যাকশন দৃশ্যের নাকি হুবহু মিল খুঁজে পাওয়া যায় এই ছবিতে। এ ছাড়া ট্রেনের মধ্যে একটি স্টান্ট দৃশ্যও নাকি রোবট থেকে ‘কাট-পেস্ট’ করা হয়েছে, এমনটাই মন্তব্য অনেক দর্শকের! তবে এসব মন্তব্য পুরোপুরি নাকচ করে দিয়ে শাহরুখ খান বললেন, ‘রা ডট ওয়ান মোটেও রোবট ছবির মতো নয়! আমি বলব, এই ছবি অন্য সব সুপারহিরো-সংবলিত ছবি, যেমন—টার্মিনেটর-২, স্পাইডার ম্যান, হাল্ক-এর মতোই।’ এদিকে ছবিটির অডিও মুক্তি দেওয়ার দুই দিন আগেই ইন্টারনেটে তা ছড়িয়ে পড়েছে। টিএনএন।