'রোমান্স' শুরু মিলনের

শুরু হলো অভিনেতা আনিসুর রহমান মিলনের নতুন চলচ্চিত্র ‘রোমান্স’-এর শুটিং। উত্তরার প্রমি শুটিং হাউসে চলতি সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিতে মিলনের সহশিল্পী নবাগত জেনিফার। মিলন অভিনীত নতুন এই চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন।
‘রোমান্স’ প্রসঙ্গে মিলন বলেন, ‘এখন পর্যন্ত যে কটি ছবিতে অভিনয় করেছি, “রোমান্স” তা থেকে পুরোপুরিই আলাদা। এ ছবিতে কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে। আশা করছি, সব মিলিয়ে অন্য রকম কিছু একটা হবে।’
ছবির গল্প প্রসঙ্গে মিলন বলেন, ‘একজন নায়ক একটা পর্যায়ে পৌঁছানোর পর তিনি আসলে কী করবেন, তা ভেবে পান না। বলা যায়, তখন তিনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তারপর নায়কের জীবনের সংকটগুলো ধরেই ছবির গল্প এগোতে থাকবে।’
এদিকে ছবিটির গল্প প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘একজন চলচ্চিত্র অভিনেতার নায়ক হয়ে ওঠার পর তাঁকে যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হবে এ চলচ্চিত্রে।’
‘রোমান্স’ ছাড়াও মিলন চুক্তিবদ্ধ হয়েছেন ‘ওয়ান ওয়ে’ ও ‘আদি’ নামের দুটি ছবিতে। ছবি দুটির পরিচালক ইফতেখার চৌধুরী ও অংশু।
বড়পর্দায় মিলন প্রথম অভিনয় করেছিলেন সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে। এরপর তিনি অভিনয় করেন সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, শফিকুল ইসলাম ভৈরবীর ‘শুয়াচান পাখি’, ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ও জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।