'র্যাম্বো' হারিয়ে গেছে সালমা হায়েকের!

‘র্যাম্বো, আমার জীবনের সবচেয়ে প্রিয় বাঘ। ছোট্ট একটা পুতুলের মতোই ছিল সে। তিন বছর ধরে আমরা ঘরের ভেতর কত খেলেছি! কিন্তু র্যাম্বো খুব বেশিদিন বাঁচেনি। তাঁর মৃত্যুর বর্ণনা আমি দিতে পারব না। অনেক বেশি হূদয়বিদারক সেটা।’ সম্প্রতি এভাবেই শৈশবের পোষা বাঘ র্যাম্বোকে হারানোর স্মৃতিচারণা করেছেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।
অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত মারকুটে অ্যাকশন ঘরানার ‘র্যাম্বো’ ছবির প্রধান চরিত্রের নামের সঙ্গে মিলিয়েই তাঁর প্রিয় বাঘটির নাম রেখেছিলেন সালমা। র্যাম্বোর আগে আরও দুটি পোষা বাঘ ছিল সালমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘র্যাম্বো ছাড়া আরও দুটি পোষা বাঘ ছিল আমাদের বাড়িতে। আমি তাদের সঙ্গে খেলতে খুবই পছন্দ করতাম। কিন্তু তাদের মৃত্যু আমাকে হতভম্ব করে দিয়েছিল। বাঘ দুটির একটি এয়ার কন্ডিশনারে আটকে মারা গিয়েছিল।’ জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
সহ-অভিনেতা ও বন্ধু অ্যান্টনিও ব্যান্ডেরাসের কাছ থেকে উপহার পাওয়া দুটি বানরের কথাও জানিয়েছেন সালমা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘মা হওয়ার আগে আমি সবসময় পোষা প্রাণীদের নিয়েই পড়ে থাকতাম। আমার চারটি কুকুরও ছিল। অ্যান্টনিও আমাকে উপহার দিয়েছিল দুটি বানর। সেগুলোকে আমি খাঁচায় বন্দী করে রাখতাম না। তারা মনের সুখে খোলা আকাশের নীচে ঘুরে বেড়াত। এটাই কাল হয়েছিল ওদের জন্য। একটি বানরকে বিড়াল খেয়ে ফেলায় সঙ্গীর অভাবে আরেকটি বানরও শেষতক আর বেঁচে থাকতে পারেনি।’