'লড়াই'র জন্য প্রস্তুত পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরমব্রত
পরমব্রত

শুরুতে ছেলেটা সবার নজর কাড়ে ফেলুদার সঙ্গী তোপসের বেশ ধারণ করে। ফেলুদারূপী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। একে একে ‘ফেলুদা’ সিরিজের তিনটি ছবিতে দেখা যায় তাঁকে। এরপর বেরিয়ে আসেন সেই খোলস থেকে। ধীরে ধীরে তোপসের পরিচয় থেকে বেরিয়ে স্বনামে নিজেকে মেলে ধরেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। কিন্তু ওই পরিচয়েও বেশি দিন নিজেকে আটকে রাখেননি। 
জানাশোনার পাল্লা আরও ভারী করতে নাম লেখান পরিচালক হিসেবে। একে একে বেরিয়েছে তাঁর দুটি ছবি, প্রথমটি জিয়ো কাকা আর দ্বিতীয়টি হাওয়া বদল। এবার তৃতীয়টির পালা, নাম লড়াই। পশ্চিমবঙ্গে মুক্তি পাবে কাল শুক্রবার।
২০১২ সালে একটা ই-বার্তা আসে পরমব্রতর কাছে। সেই থেকেই লড়াইয়ের শুরু। বার্তা প্রেরকের নাম সাবির হোসেন মোল্লা। একসময় ফুটবল খেলতেন। হঠাৎ ইনজুরির শিকার হয়ে খেলা ছাড়তে হয় তাঁকে। কিন্তু সাবিরের কিছু অপূর্ণ স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলোর কথাই প্রিয় অভিনেতা পরমব্রতকে লিখে পাঠান সাবির। কিন্তু কে জানত, অভিনেতা পরমব্রত ভক্তের এই ই-বার্তার কল্যাণেই একসময় হয়ে উঠবেন চিত্রনাট্যকার। আর সেই চিত্রনাট্য নিয়ে বানিয়ে ফেলবেন আস্ত একটা সিনেমা! তা-ই হলো। সাবিরের সেই বার্তা পড়ে পরম নিজেই খাতা-কলম নিয়ে লিখতে বসে পড়লেন। একটা সময় সাহায্য নিলেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্তের। কিন্তু তিনি আর কী সাহায্য করবেন, পুরো চিত্রনাট্য পরমব্রত লিখে ফেলেছেন একাই। তাই আর আনুষ্ঠানিকভাবে চিত্রনাট্য রচনার ঝামেলায় জড়ালেন না। শুরু করে দিলেন পরমব্রত তাঁর তৃতীয় চলচ্চিত্রের কাজ। ঘোষণা দিলেন তাঁর পরিচালিত নতুন ছবিটি হবে ফুটবল নিয়ে।
ফুটবল নিয়ে ছবি, তাহলে তো একটা দল অবশ্যই গোছাতে হবে। পরমব্রত আগেই ঠিক করে রেখেছিলেন দল গোছাবেন তাঁর নিজ অঞ্চলের লোক দিয়েই। বলিউডের সাহায্য যতটা সম্ভব কম নেবেন। যেই কথা সেই কাজ। সবার আগেই বাগে আনলেন প্রসেনজিৎকে।
পরমব্রত বললেন, ‘বুম্বাদা (প্রসেনজিৎ) আমার টিমের ম্যারাডোনা।’
এরপর একে একে গার্গী রায় চৌধুরী, পায়েল, খরাজ, ইন্দ্রশীষের মতো অভিনেতাদের দলে ভেড়ালেন। এভাবেই তৈরি হলো পরমব্রতর লড়াইয়ের দল।
এই তো গেল পরিচালক পরমব্রতর লড়াইয়ের গল্প। তাহলে এখন অভিনেতা পরমব্রত কি পড়ে গেলেন আড়ালে? মোটেও না। বললেন, ‘বছরে একটি করে ছবি বানাব। আর বাদবাকি সময় শুধুই অভিনেতা পরমকেই পাবেন দর্শক।’
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে