'লাই ভারি' নিয়ে বিপাকে'কিক'

বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখ অভিনীত মারাঠি ছবি ‘লাই ভারি’তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। ছবিটি রচনা করেছেন ‘কিক’ ছবির প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি ‘লাই ভারি’ ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁর ‘কিক’ ছবিকে। কিন্তু বাস্তবে ঠিক এমনটিই ঘটেছে। ‘লাই ভারি’ যেসব প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে, সেখান থেকে ছবিটি সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এর প্রযোজক। এতে করে সেসব প্রেক্ষাগৃহে ‘কিক’ ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
‘লাই ভারি’ যৌথভাবে প্রযোজনা করেছেন অমিয় খোপকার ও রিতেশ দেশমুখের স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলে ছবিটি। এরই মধ্যে বক্স অফিস থেকে বড় অঙ্কের অর্থ জমা করেছে ‘লাই ভারি’। এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে অনেক ভালো ব্যবসা করছে ছবিটি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
‘কিক’ ছবির পথ সুগম করতে ‘লাই ভারি’ ছবি প্রেক্ষাগৃহ থেকে সরানোর কোনো রকম ইচ্ছে নেই বলেই জানিয়েছেন এর প্রযোজক অমিয় খোপকার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘যেসব প্রেক্ষাগৃহে ছবিটি অনেক ভালো ব্যবসা করছে, সেখান থেকে ছবিটি আমরা সরিয়ে নেব না। তবে মাঝারি মানের ব্যবসা করছে এমন প্রেক্ষাগৃহে ‘‘লাই ভারি’’র পাশাপাশি ‘‘কিক’’ ছবির দু-একটি প্রদর্শনী হতে পারে।’
অমিয়র মুখে এমন কথা শুনে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি ‘লাই ভারি’ ছবির নির্মাতাদের সঙ্গে বৈঠকেও বসেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির কোনো সমাধান হয়নি।