‘লাভানি’ নাচলেন রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালানের পর এবার ‘লাভানি’ নাচলেন বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জি। এরই মধ্যে ‘আইয়া’ ছবির আইটেম গানটির দৃশ্য ধারণে অংশ নিয়েছেন ৩৪ বছর বয়সী এ ‘বঙ্গ সুন্দরী’। উল্লেখ্য, লাভানি হচ্ছে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের দক্ষিণাংশে প্রচলিত ঢোলের অনুষঙ্গে বিশেষ একধরনের লোকজ নৃত্যগীত।রানীর লাভানি নাচের প্রসঙ্গে ‘আইয়া’ ছবির পরিচালক শচীন কুণ্ডলকরের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ‘ছবির তিনটি আইটেম গানে অংশ নিয়েছেন রানী। সেগুলোর মধ্যে একটিতে লাভানি গানের সঙ্গে নেচেছেন তিনি। দ্রুত লয়ের ধ্রুপদি ঢঙের লাভানি গানটির সঙ্গে তিনি চমত্কারভাবে লাভানি নাচ ফুটিয়ে তুলেছেন। তাঁকে দারুণ আবেদনময়ীও লেগেছে আইটেম গানটিতে।’শচীন আরও বলেছেন, ‘গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট। বৈভবীর সঙ্গে রানীর কাজের বোঝাপড়াটা বেশ ভালো ছিল। ছবির সেটে দীর্ঘক্ষণ মহড়ার পরই কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন রানী।’অনুরাগ কাশ্যপ ও ভায়াকম এইট্টিনের যৌথ প্রযোজনায় ‘আইয়া’ ছবিতে একজন মারাঠি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন রানী মুখার্জি। ছবিটিতে দক্ষিণের অভিনেতা পৃথ্বীরাজের সঙ্গে জুটি বেঁধেছেন বাঙালি বংশোদ্ভূত এ অভিনেত্রী। ছবিটির চূড়ান্ত সম্পাদনার কাজ শেষ হয়েছে ১৫ জুলাই রোববার। এটি মুক্তির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ২৪ অক্টোবর।