'লাভার গার্ল' হয়েই থাকতে চান ফারিয়া

শোবিজে কাজের শুরুতে নুসরাত ফারিয়া ছিলেন শুধুই উপস্থাপিকা। এর পর নাম লেখান মডেলিংয়ে। আর এর পরে সবকিছু বাদ দিয়ে কয়েক মাস আগে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। যদিও প্রথম চলচ্চিত্রটি এখনো মুক্তি পায়নি। তবে এরই মধ্যে নায়িকা নুসরাত ফারিয়াকে সবাই এক ঝলক দেখেছেন ইউটিউবে। সেখানে তাঁর প্রথম ছবির কয়েকটি গানের ট্রেলার প্রকাশিত হয়েছে। গানগুলো নিয়ে সবার কাছ থেকেই ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ছবির শুটিং শুরুর আগে থেকেই পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা আমাকে শুভকামনা জানিয়েছেন। শুটিংয়ের সময়েও অনেকে খোঁজখবর নিয়েছেন। আর ট্রেলার মুক্তির পর থেকে সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি রীতিমতো অভিভূত। তাই তো, সবার কাছে লাভার গার্ল হিসেবে থাকতে চাই।
নুসরাত ফারিয়া অভিনীত প্রথম ছবিটির নাম ‘আশিকী’। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ। ছবিটি এখনো মুক্তি না পেলেও এরমধ্যেই পরের ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন ফারিয়া। প্রথম আলোর সঙ্গে আলাপে নুসরাত ফারিয়ার পরবর্তী ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আব্দুল আজিজ।

নুসরাত ফারিয়া এখন আছেন কলকাতায়। সেখান থেকে মোবাইলে জানিয়েছেন, ‘সৈকত নাসিরের “পুলিশগিরি” ছবির গল্প আমি অনেক আগেই শুনেছি। গল্পটি শোনার পর নিজেকে সে চরিত্রের জন্য প্রস্তুতও করেছি। এই ছবিতেও আমার চরিত্রটি লাভার গার্ল ইমেজের। এ ইমেজটা আমি ভাঙতে চাই না। সবার মাঝে লাভার গার্ল হিসেবে থাকতে চাই।’
‘পুলিশিগিরি’ ছবিটির পরিচালক সৈকত নাসির। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করবেন হালের জনপ্রিয় নায়ক আরেফিন শুভর বিপরীতে। চলচ্চিত্রে এটি তাঁদের প্রথম কাজ। এর আগে অবশ্য তাঁরা দুজন একসঙ্গে জুটি হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। ‘পুলিশগিরি’ ছবির জন্য এর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহী। সেই জায়গায় এখন কাজ করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এ প্রসঙ্গ উঠতেই নুসরাত ফারিয়া বলেন, ‘আগে অনেক কিছুই হয়েছিল। এখন অনেক কিছুর পরিবর্তনও হয়েছে। তা ছাড়া এর আগে এর চরিত্রের জন্য কে কাস্টিং ছিল তা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমি আমার চরিত্রটি শতভাগ উজাড় করে করতে চাই।’