'লাভার নাম্বার ওয়ান' বাপ্পী

বাদশা নিজে কিছু একটা করতে চায়। কিন্তু করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। এটা তার মা-বাবার অপছন্দ। এভাবে চলতে চলতেই একদিন দোলার সঙ্গে পরিচয়। পরিচয় থেকে তা সম্পর্কে গড়ানোর আগেই পাড়ার মাস্তানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে বাদশা। এক দুর্ঘটনায় গুলিবিদ্ধ হয় দোলা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর অন্য গল্প। লাভার নম্বর ওয়ান ছবির কিছু ভাবনা। ছবির পরিচালক ফারুখ ওমর। কাল ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ছবিতে ‘বাদশা’ চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী আর ‘দোলা’ পরীমনি। ছবিটি নিয়ে কথা বলতে ১৫ আগস্ট বিকেলে প্রথম আলো কার্যালয়ে আসেন বাপ্পী। নিজের মতো করেই ছবির প্রচারণা করছেন। বললেন, ‘কাজের ব্যস্ততার কারণে সবাই একসঙ্গে প্রচার চালাতে পারছি না। আমরা যাঁর যাঁর জায়গা থেকে কাজটা করছি।’
লাভার নম্বর ওয়ান ছবিটি নিয়ে বাপ্পী বললেন, ‘বাণিজ্যিক ছবি। বাণিজ্যিক ছবিতে যা যা থাকে, সবই আছে। বড় বাজেট আর বড় আয়োজনের ছবি। অ্যাকশন দৃশ্যগুলোও সবার ভালো লাগবে। এ ধরনের মারামারি এর আগে করিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে।’

আরও বললেন, ‘চমৎকার কিছু লোকেশনে আমরা কাজ করেছি। গল্পের প্রয়োজনে যেখানে দরকার, সেখানেই শুটিং করা হয়েছে।’
বাপ্পী চলচ্চিত্রে এসেছেন বছর তিনেক হলো। লাভার নম্বর ওয়ান তাঁর ১৭ নম্বর চলচ্চিত্র। বললেন, ‘এখন ভাবলে পুরো ব্যাপারটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কখনোই ভাবিনি এত অল্প সময়ে আমার এতগুলো ছবি মুক্তি পাবে। তবে ছবির সংখ্যা যা-ই হোক, আমি শুরু থেকে শ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি।’
শিগগিরই বাপ্পীর আরও চারটি ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো দেলোয়ার জাহান ঝন্টুর এপার ওপার, জাকির হোসেনের অনেক দামে কেনা এবং ওয়াজেদ আলীর সুইটহার্টও আজব প্রেম। আর এখন শুটিং করছেন হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা, ইফতেখার চৌধুরীর ওয়ানওয়ে, সোহেল বাবুর বাজে ছেলে ছবির। সাফি উদ্দীনের মিসকল ও ইস্পাহানী আরিফ জাহানের মিশন মাদ্রিদ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
বাপ্পী বললেন, ‘মিশন মাদ্রিদ ছবির শুটিংয়ের জন্য অক্টোবরে স্পেন যাচ্ছি। ছবির বেশির ভাগ কাজ সেখানেই হবে। ছবির গল্প একটু অন্য রকম। ছবিতে আমি একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতা।’
প্রযোজক বাপ্পীকে কবে দেখা যাবে? বাপ্পী বললেন, ‘চলচ্চিত্র প্রযোজনা করতে অনেক টাকা প্রয়োজন। আমার পক্ষে এখনই তা সম্ভব না। এর জন্য আরও অনেক সময় লাগবে। আমি আগে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’