'লাল চর' আসছে ২৫ ডিসেম্বর

২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাল চর’ ছবিটি। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন আর সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মীম। সরকারি অনুদানের এই ছবিটি তৈরি করছেন নাদের চৌধুরী। মঞ্চ আর ছোট পর্দার অভিনয়শিল্পী ও পরিচালক নাদের চৌধুরী এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন।
ছবি মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নাদের চৌধুরী, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, কাজী শিলা, আনিসুর রহমান মিলন ও ছবির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ।
নাদের চৌধুরী বলেন, ‘ইমদাদুল হক মিলনের “নদী উপাখ্যান” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। যেহেতু চলচ্চিত্রে এবারই প্রথম পরিচালক হয়েছি, তাই চেষ্টা করেছি ভালো করার। আশা করছি দর্শকদের পছন্দ হবে ছবিটি।’
তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।