'লাল মোরগের ঝুঁটি'তে জ্যোতিকা জ্যোতি

‘নুরুল আলম আতিকের অনেক নাটকে অভিনয় করেছি। তাঁর ডিরেকশনে কাজ করার আনন্দও আছে। এবার তাঁর নতুন ছবিতেও অভিনয় করছি। কুষ্টিয়ায় ছবিটির শুটিং করলাম।’ বললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
সম্প্রতি নুরুল আলম আতিক তাঁর নতুন ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিংয়ের কাজ শুরু করেছেন। এ ছবির প্রধান চরিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন জয়া আহসান, লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ ও দোয়েল।
জ্যোতিকা জ্যোতি বলেন, ‘দেড় বছরের প্রস্তুতির পর এই ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটির জন্য আমরা কর্মশালাতেও অংশ নিয়েছি। এ ছবিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে, অনেক কিছু শেখার আছে।’
কুষ্টিয়ায় ছবির প্রথম লটের শুটিং শেষে আজ মঙ্গলবার রাতে ঢাকায় ফিরবেন জ্যোতি।
কথা প্রসঙ্গে জ্যোতি বললেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম দীপালি সাহা। ২৪ বছরের একজন হিন্দু মেয়ে। খুবই কঠিন একটি চরিত্র। এর বেশি কিছু বলা পরিচালকের নিষেধ আছে।’
টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। সময়-সুযোগ পেলে, ভালো গল্পের খোঁজ মিললে সিনেমাতেও কাজ করেন তিনি। তাঁর প্রথম ছবি কবরী পরিচালিত ‘আয়না’। এরপর জ্যোতি অভিনয় করেছেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলী’ এবং মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচীর একদিন’-এ।