'লায়েক চান দ্য গ্রেট' নাটকে দুই বোন প্রভা-প্রসূন

‘লায়েক চান দ্য গ্রেট’ শিরোনামের ছয় পর্বের ধারাবাহিক নাটকে দুই বোন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রভা ও লাক্স তারকা প্রসূন আজাদ। নাটকটির নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। মাসুম রেজার রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় কমেডিধর্মী নাটকটিতে আরও অভিনয় করছেন সাব্বির আহমেদ, প্রাণ রায় প্রমুখ।
পূবাইলে নাটকটির শুটিং শুরু হয় ৮ মে। আগামীকাল শেষ হচ্ছে নাটকটির শুটিংয়ের কাজ। নাটকে নিজের চরিত্র সম্পর্কে প্রসূন বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম বাবলি। আর আমার বোন লাভলি চরিত্রে অভিনয় করছেন প্রভা। নাটকটিতে পাবনার আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হচ্ছে আমাকে।’
প্রসূন আরও বলেন, ‘এই প্রথম আমি পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলছি। নাটকটি অনেক মজার। শুটিং করার সময় হাসতে হাসতে সবার পেটে খিল ধরে যাচ্ছে। বিশেষ করে মোশাররফ করিম সবাইকে প্রচণ্ড হাসাচ্ছেন।’

নাটকের গল্পে দেখা যাবে, ঢলকুটুম নামের একটি গ্রামের চিকিৎসকের দুই মেয়ে লাভলি ও বাবলি। লাভলিকে নানাভাবে পটানোর চেষ্টা করে গ্রামের যুবক লায়েক চান। এ নিয়ে ঘটতে থাকে মজার মজার নানা কাণ্ড।
ঈদ উপলক্ষে আরটিভিতে ‘লায়েক চান দ্য গ্রেট’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে।