‘লীলাবতী’র পর ‘রুমালী’
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এখন এটিএন বাংলায় দেখানো হচ্ছে ধারাবাহিক নাটক লীলাবতী। নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এবার তিনি হুমায়ূন আহমেদের আরেকটি উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক তৈরি করতে যাচ্ছেন। নাম রুমালী। জানা গেছে, ১৯ জুলাই থেকে জয়দেবপুরের পাখিরটেক এলাকায় ধারাবাহিকটির শুটিং শুরু হচ্ছে।অরুণ চৌধুরী বলেন, ‘উপন্যাসে ‘মালিহা রুমালী’ নামে একটি চরিত্র একবারের জন্য পাওয়া গেলেও নাটকে রুমালী নামে কোনো চরিত্র থাকছে না। আমার মতে, হুমায়ূন আহমেদ তাঁর এই উপন্যাসে রুমালের চারটি কোনাকে মিলিয়ে বলেছেন রুমালী। তার মানে চারটি চরিত্রকেই তিনি গুরুত্ব দিয়েছেন। চরিত্রগুলো হলো বকুল, বকুলের মা, পাপিয়া ও বীথি। আমার নাটকেও সেটাই থাকছে।’রুমালী নাটকের শুটিং হবে সাত মাস। উপন্যাস থেকে নাট্যরূপ দেওয়া প্রসঙ্গে অরুণ চৌধুরী বলেন, ‘একটি নাটক লেখার চেয়ে উপন্যাসকে নাট্যরূপ দেওয়া অনেক কঠিন কাজ। কারণ উপন্যাসে অনেক বর্ণনা থাকে, যার সবগুলো বিবেচনা করে সংলাপ লিখতে হয়।’রুমালী নাটকের দৈর্ঘ্য প্রসঙ্গে তিনি জানালেন, ৫০ থেকে ৬২ পর্ব পর্যন্ত হবে। উপন্যাসের কোনো অংশ বাদ দেওয়া বা তাতে কিছু যোগ করার ইচ্ছা নেই। তাই নাটকটির গল্প যে পর্বে গিয়ে শেষ হবে, আর বাড়ানো হবে না।রুমালী ধারাবাহিকে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, নাজনীন নাজ, মৌটুসী, নোভা, নিশো, ম আ সালাম প্রমুখ।