'লুকিয়ে বাসার ল্যান্ডলাইন থেকে কল করতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অনেক ‘প্রথম’কে সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’। আজ এই বিভাগে থাকছেন মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর

সুজানা জাফর
সুজানা জাফর

প্রথম ক্যামেরার সামনে

আমার মিডিয়ায় আসার গল্পটা খুব মজার। ছোটবেলা থেকেই আমি ছিলাম খুব লাজুক স্বভাবের। স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানেও তেমন একটা অংশগ্রহণ করতাম না। আর সেই আমিই একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মডেলিং করব, এটা তো আগে কোনো দিন চিন্তাও করিনি। ২০০১ সালে আফজাল হোসেনের নির্দেশনায় প্রথম একটি পানীয়র বিজ্ঞাপনে কাজ করি। এখনো ভাবতে অবাক লাগে। শুটিংয়ের সময় ভয় ভয় লাগছিল। কিন্তু আফজাল ভাই আমাদের বলেছিলেন, বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আড্ডার সময় যেমন থাকি, ঠিক সেভাবে অভিব্যক্তি দিলেই চলবে, বাড়তি কিছু করতে হবে না। এ জন্য হয়তো শেষমেশ খুব একটা বেগ পেতে হয়নি। সে সময় বিজ্ঞাপনটি খুব জনপ্রিয় হয়েছিল।

প্রথম উপার্জন

কলেজে থাকতে ছোট বাচ্চাদের পড়াতাম। আমি আবার বাচ্চাদের ভালো সামলাতে পারি। ভেবেছিলাম তাদের পড়ানোর কাজটাও হয়তো খুব মজার হবে। খালার অনুরোধে তাই তাঁর সন্তানদের পড়াতে রাজি হয়ে যাই। কিন্তু ছোটদের পড়ানো যে কী কঠিন, সে সময় হাড়ে হাড়ে টের পেয়েছি। দুই থেকে তিন মাস পড়িয়েই আমার মাথা খারাপ হওয়ার দশা। পরে ছেড়ে দিই। প্রথম উপার্জন এভাবেই। কিন্তু কত টাকা পেয়েছিলাম, ওই টাকা দিয়ে কী করেছিলাম—কিছুই মনে নেই। প্রথম বিজ্ঞাপনে পাওয়া পারিশ্রমিক দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলাম।

প্রথম বিদেশ ভ্রমণ

বিদেশে প্রথম যাওয়া কাজের সূত্রে। একটি প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিং করতে ভারতের কলকাতায় গিয়েছিলাম। সঙ্গে আমার বড় ভাইও ছিলেন। শুটিং শেষে কলকাতা থেকে ইচ্ছামতো কেনাকাটা করেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়; সেবারই পাসপোর্ট হারিয়ে ফেলেছিলাম। এরপর আবার নতুন পাসপোর্ট করে দেশে ফিরতে হয়েছিল। তারপর থেকে বিদেশে গেলে আমার ভাই কখনোই আর আমাকে নিজের কাছে পাসপোর্ট রাখতে দেননি। আবার যদি হারিয়ে ফেলি!

প্রথম অটোগ্রাফ
জীবনের প্রথম অটোগ্রাফটা দিতে হয়েছিল তারকা হওয়ার আগেই! আমার প্রথম বিজ্ঞাপনের শুটিং হয়েছিল ধানমন্ডির একটি ফাস্ট ফুডের দোকানে। তখন তো আমাকে কেউ চেনে না। কিন্তু শুটিং হচ্ছে দেখেই অনেক লোক জড়ো হয়ে যায়। আমার কাছেও কয়েকজন অটোগ্রাফ নিতে এসেছিলেন। আমি তো একেবারেই প্রস্তুত ছিলাম না। তখন আমার বয়স কম, মিডিয়ায়ও একেবারে নতুন। কী লিখব ভেবেই পাচ্ছিলাম না। নিজের নাম আর তারিখ লিখেই তাই ছেড়ে দিয়েছিলাম।

প্রথম প্রেম

প্রথম প্রেমে পড়ি কলেজে থাকতে। আমার কাজিনদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে অন্যরা খুব হইহল্লা করত। আমি থাকতাম একেবারে চুপচাপ। আমার কাজিনের এক বন্ধু এ কারণে আমাকে খুব পছন্দ করত। প্রেম নিবেদনের পর এক বছর আমাকে রাজি করানোর চেষ্টা করেছে। আমি প্রথম দিকে তেমন একটা পাত্তা দিইনি। কিন্তু ছেলেটার স্বভাবচরিত্রের কারণে ধীরে ধীরে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি। পরে সে বিদেশে পড়তে চলে যায়। ওই সময় আমাদের সেভাবে যোগাযোগ হতো না। অনেক দিন পর পর লুকিয়ে বাসার ল্যান্ডলাইন থেকে কল করতাম। আর সুযোগ পেলে এক ঘণ্টার জন্য সাইবার ক্যাফেতে চলে যেতাম। ইয়াহু ম্যাসেঞ্জারে তখন টুকটাক যোগাযোগ হতো আমাদের।

অনুলিখন: নাদিয়া মাহমুদ