
অভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক। এবার ঈদে তাঁর পরিচালনায় ছয়টি নাটক প্রচারিত হবে। এদিকে চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক প্যাভেলিয়ন । ঈদ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে
এই ঈদে...
ঈদে ছয়টি নাটক নির্মাণ করেছি। দুটি বিপাশা হায়াতের লেখা। বাকি চারটি আমারই লেখা। নাটকগুলো হলো কবিতার জন্য (বাংলাভিশন), স্বর্গপুরী (চ্যানেল আই), বেঁচে থাকার গান (এসএ টিভি), অনেক তারার রাত (চ্যানেল নাইন), স্বর্ণলতা উপাখ্যান (বৈশাখী টিভি) ও নীলাকাব্য (গাজী টিভি)।
লেখালেখি...
আমি কিন্তু এখন লেখালেখিতে নিয়মিত হচ্ছি। খুব একটা সময় নষ্ট করি না। কাজের ফাঁকে যতটুকু সময় পাই লেখালেখি করি। সম্প্রতি মঞ্চনাটকের একটি পাণ্ডুলিপি লেখার কাজ শেষ করেছি। সামনে এটির প্রযোজনা ও প্রকাশনা করার ইচ্ছে আছে।
নাটকগুলোতে আপনি নিজেও অভিনয় করেছেন?
পদাধিকার বলে ক্ষমতার অপব্যবহার হিসেবে আমিও নাটকগুলোতে অভিনয় করেছি। হা হা হা। অন্য অভিনয়শিল্পীরা হলেন বিপাশা হায়াত, বন্যা মির্জা, আরমান পারভেজ মুরাদ, শাহেদ শরীফ খান, ফারুক আহমেদ, স্বর্ণা, প্রসূন, শার্লিন, ভাবনা ও বীথি সরকার।
আপনার নাটকে নতুন প্রজন্মও প্রাধান্য পেয়েছে সমানতালে।
আমি চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করি। নতুনরাই নতুন কিছু করবে। তাদের সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া আমাদেরই দায়িত্ব। তবে আমার মনে হয়েছে, নতুনদের মধ্যে প্রশিক্ষণ আর অনুশীলনের অভাব রয়েছে। এটাও ঠিক যে নতুনদের কাছ থেকে অভিনয় আদায় করে নিতে হয়।
ছয়টি নাটকের মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে?
সবগুলো নাটকই ভালো লাগার। তবে বিপাশা অভিনীত নাটক দুটির অভিনয়ের মান নিঃসন্দেহে অন্যগুলোর চেয়ে ভালো হবে।
নতুন কোনো ধারাবাহিকের কথা ভেবেছেন?
জলপ্রপাত নামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। নাটকটির অর্ধেক শুটিং বাংলাদেশে আর বাকি অর্ধেক যুক্তরাষ্ট্রে করেছি।
ঈদে বিশেষ কোনো পরিকল্পনা করছেন?
মা, স্ত্রী আর সন্তানদের নিয়ে ঢাকায়ই থাকব। সময় করে উঠতে পারলে রাজেন্দ্রপুরে আমাদের ‘নক্ষত্রবাড়ি’তে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। নক্ষত্রবাড়ি রিসোর্ট এখন মানুষের কাছে ভালো লাগতে শুরু করেছে। সামনে এই রিসোর্ট নিয়ে কিছু পরিকল্পনা আছে।