'লেননকে দেখে মনে হতো, আয়নায় আমি যেন আমাকেই দেখছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পল ম্যাককার্টনির কনসার্টের জন্য ভক্তরা অপেক্ষা করেন এখনো
পল ম্যাককার্টনির কনসার্টের জন্য ভক্তরা অপেক্ষা করেন এখনো

বিটলস ব্যান্ডের ছোকরা চতুষ্টয়ের কথা মনে আছে? ১৯৬০ সালে যে দলটি গড়ে উঠেছিল, মাত্র ১০ বছর পরেই সেটি ভেঙে যায়। এ সময়ের মধ্যেই গানের দলটির মতো চার শিল্পীও পেয়ে গেছেন কিংবদন্তির মর্যাদা। জন লেনন ও জর্জ হ্যারিসন গত হয়েছেন আগেই। পল ম্যাককার্টনি ও রিংগো স্টার এখনো সক্রিয় আছেন। সম্প্রতি পল ম্যাককার্টনি বিবিসি সিক্স মিউজিককে একটি সাক্ষাৎকার দিয়েছেন। কিছুটা সংক্ষেপিত আকারে সেটি ছাপানো হলো। সাক্ষাৎকারে ম্যাককার্টনি স্মরণ করেছেন বন্ধু লেননের কথা। লেনন ও ম্যাককার্টনি মিলে বিটলসের বেশির ভাগ গান লিখেছিলেন। ম্যাককার্টনি কথা বলেছেন নিজের পরবর্তী অ্যালবাম নিয়েও। বলেছেন মাইকেল জ্যাকসন, কানইয়ে ওয়েস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা।

যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের সবার কাছ থেকেই কিছু শেখেন আপনি?

আমি জানি জনের চেয়ে (জন লেনন) ভালো আর কাউকে আমি পাব না। এটাই সত্য, তাই এটা আমি লুকানোর চেষ্টা করি না। আমি জানি এখন আমি এমন কাউকে পাব না, যে আমার সঙ্গে জনের চেয়েও ভালো গান লিখবে। এটা বলার পরও বলব, আমি অন্যদের সঙ্গে কাজ করতে চাই, কারণ তাঁরা প্রত্যেকেই গানে নিজেদের কিছু একটা নিয়ে আসেন।

যেমন মাইকেল জ্যাকসনের কথাই ধরো। এই অফিসেরই ওপর তলায় আমরা বসে ছিলাম। পিয়ানোয় হাত রেখে সেখানেই একটা গান তৈরি করলাম। এখন কানইয়ের সঙ্গে কাজ করছি, আমি জানি না কী হতে যাচ্ছে।

আমি কেবল কানইয়েকে নানা গল্প বলেছি, যেগুলো আমার সংগীতকে অনুপ্রাণিত করেছে। এর মধ্যে একটি গল্প হলো কীভাবে আমি ‘লেট ইট বি’ গানটি পেয়েছিলাম। গানটি আমি পেয়েছিলাম স্বপ্নে, স্বপ্নে আমি মাকে দেখেছিলাম। আমার মা ১০ বছর আগে মারা যান।

ওই স্বপ্ন আমাকে এত অনুপ্রাণিত করেছিল যে গানটি লিখে ফেললাম। আমি কানইয়েকে গল্পটি বলেছি, কারণ সে-ও তার মাকে হারিয়েছে। এরপর সে ‘ওনলি ওয়ান’ গানটি লেখে, আমি পিয়ানোতে সুর করেছিলাম।

লেখার উপায় আছে লাখ লাখ। কিন্তু আমি জনের সঙ্গে লিখতাম মুখোমুখি বসে। কোনো হোটেল রুমে পাশাপাশি দুটি শয্যায়, অ্যাকুস্টিক গিটার হাতে দুজন দুজনের দিকে তাকিয়ে। সে কিছু লাইন বানাত, আমি কিছু বানাতাম। একে অন্যের দিকে ঘুরে তাকাতাম। এভাবে জনকে দেখা আমার জন্য ভালো ব্যাপার ছিল এই অর্থে যে সে ছিল ডানহাতি, আর আমি বাঁহাতি। লেননকে দেখে মনে হতো, আয়নায় আমি যেন আমাকেই দেখছি।

তরুণ বয়সে পল ম্যাককার্টনি ও জন লেনন
তরুণ বয়সে পল ম্যাককার্টনি ও জন লেনন

আপনার সংগীতের বড় নায়ক রক শিল্পী চাক বেরি। তিনি কেমন ছিলেন? তাঁর সঙ্গে কাজ করেছেন?

আমি চাকের সঙ্গে কাজ করিনি। তবে আমাদের দেখা হয়েছে। যখন তাঁর শহর সেন্ট লুইসে যাই, তিনি আমাদের একটি কনসার্টে এসেছিলেন। মঞ্চের পেছনে আমাদের দেখা হয়েছিল। খুব ভালো লেগেছিল দেখা করে এবং তাঁকে বলতে পেরে যে আমি তাঁর কেমন ভক্ত।

বিটলসের আগে লিভারপুলের দিনগুলোর কথা মনে পড়ে, আমরা তখন কেবল গিটার শিখছি, ভবিষ্যতের অনেক স্বপ্ন আমাদের চোখে, তখন আমরা শুনেছিলাম ‘সুইট লিটল সিক্সটিন’ (চাক বেরির গান)। এমন গান আমরা কখনো শুনিনি। এরপর জনি বি গুডের সঙ্গে তিনি এলেন, তাঁর চমৎকার সেসব গান... ‘মেবিলি’; গাড়ি, টিনএজার নিয়ে সেসব গান; রক এন রোল—সবই ছিল রোমাঞ্চকর।

সদ্য প্রয়াত চাক বেরিকে এখন সবাই স্মরণ করছেন। কখনো কি ভাবেন, আপনাকে কীভাবে স্মরণ করা হবে?

আমার তো মনে হয়, এটা তোমার ভাবনা, তুমিই এ নিয়ে বলো। আমি এর মধ্যে যেতেই চাই না...সত্যি! আমার মনে আছে, একবার জন আমাকে বলেছিল, ‘আমাকে কীভাবে মনে করবে মানুষ? ভালোভাবে নেবে?’ আমি তাঁকে আশ্বস্ত করেছিলাম। বলেছিলাম, ‘আমার দিকে তাকাও। তোমাকে মানুষ অনেক স্মরণ করবে, তুমি এত ভালো সব কাজ করেছ!’ কিন্তু এটা ছিল হাস্যকর। তুমি ভাবতে পারবে না যে এমনকি জনেরও এমন একটি অনিশ্চয়তার জায়গা ছিল! কিন্তু লোকে ভাবে। সৌভাগ্যের বিষয় হলো, আমার কাছে এটা ভাবার কোনো বিষয় নয়, কারণ তখন আমি এখানে থাকব না।

এরপর কী করছেন?

আমি নতুন একটা অ্যালবাম করছি, খুব মজা পাচ্ছি এটা করতে গিয়ে। আমি এমন এক প্রযোজকের সঙ্গে কাজ করছি যার সঙ্গে কাজ শুরু করেছি দুই বছর আগে। একটি অ্যানিমেশন ছবির জন্য আমি আমার পরবর্তী গানটি করছি। তারপর সে বেকের (বেক হানসেন) সঙ্গে কাজ করতে চলে গেল। বেকের সঙ্গে (গ্র্যামিতে) ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পেল (মর্নিং ফেইস)। তারপর সে অ্যাডেলের সঙ্গে কাজ করতে চলে গেল এবং ‘সং অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেল (‘হ্যালো’)। মাত্রই পেল ‘প্রোডিউসার অব দ্য ইয়ার’ পুরস্কার।

তাই আমার একমাত্র চিন্তা হলো, সে চলে যাচ্ছে। কিন্তু গ্রেগ কার্সটিন নামের এ লোকটি আসলে দারুণ মানুষ। কাজ করার জন্য দারুণ। তাই আমি এর সঙ্গে আছি। আমি তা-ই করছি, যা আমার ভালো লাগে।

অনুবাদ: প্রণব ভৌমিক