'লোকে সিরিয়াস ছবি দেখে না'

এশিয়ার ৬৫টি ছবি নিয়ে শিল্পকলায় শুরু হচ্ছে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ’। এ মহাদেশের চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি বিশ্লেষণ ও স্বনামধন্য চলচ্চিত্রকারদের সঙ্গে নবীন চলচ্চিত্রকর্মীদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।
‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’-এর অংশ হিসেবে এ রেট্রোস্পেকটিভের আয়োজন করা হয়েছে। যৌথভাবে এ রেট্রোস্পেকটিভের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটি শেষ হলে ডিসেম্বর থেকে শুরু হবে ইউরোপীয় সিনেমা রেট্রোস্পেকটিভ।
এ কর্মসূচি নিয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, এশিয়ান সিনেমা নিয়ে আলোচনা ও প্রদর্শনীর পরেই শুরু হবে ইউরোপীয় সিনেমা রেট্রোস্পেকটিভ। পরে পর্যায়ক্রমে লাতিন ও আফ্রিকান সিনেমা নিয়েও থাকবে একই আয়োজন। তিনি বলেন, ‘জনপ্রিয় ঘরানার ছবি অনেকেই দেখে। দেশ, কাল, সময়কে জানতে প্রচুর ভালো ভালো ছবি আছে। সিরিয়াস সেই ছবিগুলো লোকে খুব একটা দেখে না। আগে এই ছবিগুলো নিয়ে আলোচনা হতো, এখন সেটাও প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। আমরা ছবিগুলো দেখানোর পাশাপাশি সেগুলো নিয়ে আলোচনা এগিয়ে নিতে চেষ্টা করব।’
খানিকটা আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকেই আমরা এ কর্মসূচির সঙ্গে চাই। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডে তাঁদের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না।’ এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভে প্রতিটি ছবি দেখানোর আগে থাকবে সেগুলোর নির্মাতা ও তাঁদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এ ছাড়া প্রদর্শিত তিনটি ছবি নিয়ে প্রতি শনিবার হবে সেমিনার। তাতে আলোচনা করবেন চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্রব্যক্তিত্ব ও চলচ্চিত্র পাঠের শিক্ষকেরা।’
শনিবার বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধন করা হবে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ’। নিবন্ধনের মাধ্যমে যে কেউ এতে অংশ নিতে পারবেন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সাততলার ৭০১ নম্বর কক্ষে নিবন্ধন করা যাবে।