'লোকগানের সঙ্গেই থাকতে চাই'
কথোপকথন: সন্দীপন। পয়লা বৈশাখ উপলক্ষে অগ্নিবীণা থেকে বেরিয়েছে তাঁর নতুন অ্যালবাম। নাম বন্ধু পরবাসী। আজ বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে

‘বন্ধু পরবাসী’...
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের লোকগান নিয়ে অ্যালবামটি তৈরি করেছি। শতবর্ষের পুরোনো ও পরিচিত গানের পাশাপাশি এ সময়ের গানও গেয়েছি। গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বাউলদের নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার কৌস্তভ সেন বরাট। অ্যালবামটি উৎসর্গ করেছি চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও শিল্পী আব্দুল গফুর হালীকে।
লোকগানের আমি...
আমার শুরুটা হয়েছিল লোকগান দিয়ে। আমার কণ্ঠে লোকগান শ্রোতারা পছন্দ করেছেন। লোকগানের সঙ্গেই সব সময় থাকতে চাই। মাঝে মৌলিক গানের অ্যালবাম করেছি।
ব্যান্ডের খবর...
বছর দুয়েক আগে ‘সব্যসাচী’ নামে একটি ব্যান্ড গড়েছিলাম। ব্যান্ডের এখনো কোনো অ্যালবাম করা হয়নি। টিভির অনুষ্ঠানে ব্যান্ড নিয়ে গান করেছি।
আমার যত অ্যালবাম...
প্রথম অ্যালবাম সোনাবন্ধু (২০০৪)। এরপর প্রকাশিত হয় সোনার মেডেল (২০০৫), ট্রিবিউট টু এস ডি বর্মণ অ্যান্ড আর ডি বর্মণ (২০০৭), আয় প্রাণের উৎসবে (২০০৮), চান মুখে মধুর হাসি (২০১০) এবং ভাবের ঘরে (২০১১)।
অভিনয়ের সন্দীপন...
আমি নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলাম। দেওয়ান গাজীর কিস্সা, রক্তকরবী ও কালসন্ধ্যা নাটকে আবহসংগীতের কাজের পাশাপাশি অভিনয় করেছি। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড ফাইন আর্টসে অভিনয় নিয়ে পড়াশোনা করেছি। টিভিতে প্রভাতী সবুজ সংঘ নামের একটি ধারাবাহিকে অভিনয়ও করেছিলাম।