'লোকে কী বলবে, আমি তা কখনোই ভাবি না'
মুক্তি পেতে যাচ্ছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল ও ডেনমার্ক প্রযোজিত এই ছবি ইতিমধ্যে ফ্রান্স, পর্তুগাল আর ডেনমার্কে ৭০টির অধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। গত ৪ ডিসেম্বর ফ্রান্সে মুক্তির পর পঞ্চম সপ্তাহে এসে ৫৩টি থেকে বেড়ে ৬৪টি প্রেক্ষাগৃহে চলছে ‘মেড ইন বাংলাদেশ’। ব্যবসাসফল হওয়ায় প্রযোজকেরা এখন ছবিটির সিকুয়েল বানাতে আগ্রহী। চলছে সেই চিত্রনাট্যের কাজ। এ সবকিছু নিয়েই পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে আলাপ হলো তাঁর গুলশানের বাড়িতে।

আপনি কেন নির্মাতা হলেন?
আমি যে নির্মাতা হব, সেটা ছোটবেলায় কখনো ভাবিনি। ছোটবেলায় আমি চিত্রশিল্পী হতে চেয়েছিলাম। তারপর ‘বিষয় চলচ্চিত্র’ নামে সত্যজিৎ রায়য়ের একটা বই পড়লাম। সেই প্রথম আমি চলচ্চিত্র নিয়ে আগ্রহী হলাম। সত্যজিতেও সিনেমগুলোও তখন দেখে ফেললাম। আমি এখানে উচ্চমাধ্যমিকে ঢাকা বোর্ডে দশম হলাম। তখন আমার ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্সে পড়ার। কিন্তু ১৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজে ‘উইমেন স্টাডিজ’ কোর্সটি নিয়ে বুঝলাম, আমি এই বিষয় নিয়েই পড়তে চাই। আর জেন্ডার নিয়ে কাজ করতে চাই। আমি চার বছর বয়সে প্রতিবাদ করছি। আমার দাদি ‘নাতি’ চাইছিল। তাই তাকে গিয়ে বলেছি, ‘আমরা দুই বোনই যথেষ্ট। আমার মায়ের আর বাচ্চা হবে না’। ১১ বছর বয়সে আমি ‘নির্বাচিত কলাম’ পড়েছি।
স্মিথ কলেজের লাইব্রেরিতে সত্যজিতের সমস্ত ছবি ছিল। আমি আবারও ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফেললাম। দেশে এসে আইন ও সালিশ কেন্দ্র, নারীপক্ষ, এশিয়া ফাউন্ডেশন, বাঁচতে শেখা—এসব জায়গায় কাজ করি। ‘গ্রাউন্ড লেভেল’–এর বাস্তবতা বুঝতে চেষ্টা করি। সুলতানা কামাল, হামিদা হোসেন, শাহীন আখতার, সালমা সোবহান—তাঁদের সঙ্গে আমার পরিচয় আইন ও সালিশ কেন্দ্রে এসে। এটি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর নিউইয়র্ক ফিল্ম একাডেমির অধীনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর কর্মশালা করি। বেশ কয়েকটা শর্টফিল্ম বানাই। স্নাতক শেষ করে নিজেকে উপহার দিই একটা ক্যামেরা। তারপর সেই ক্যামেরা দিয়ে ভিডিও আর সেই ভিডিও এডিট করতে করতে বুঝে গেলাম যে আমি সিনেমা বানাতে চাই। সেখানে আমাদের সমাজের নারীদের বাস্তবতার গল্প বলতে চাই।

‘মেড ইন বাংলাদেশ’ যাঁর জীবনের অনুপ্রেরণায় নির্মিত, সেই নারী শ্রমিক ডালিয়াকে কীভাবে খুঁজে পেলেন?
আমার আরেক নির্মাতা বন্ধু তাসমিয়াহ আফরিন আমাকে ডালিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ২০১৬ সালের গ্রীষ্মে আমি ওর বাসায় গেলাম। তখন রোজার মাস। প্রথম দেখাতেই আমার মনে হলো, এই মেয়েটাকেই আমি খুঁজছি। ও তখন দুপুরে খাবারের বিরতিতে ঘরে ঢুকল। ওর স্বামী তখন বিছানায় শুয়ে ছিল। ডালিয়া তখন আট মাসের অন্তঃসত্ত্বা। ডালিয়া আমাকে ওর জীবনের গল্প বলা শুরু করল। বলল, ও পড়াশোনা করতে চেয়েছিল। মাত্র ১১ বছর বয়সে ওর বাবা জোর করে বিয়ে দিতে চাইলে ও বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে পালিয়ে আসে। কী সাহস! ঢাকায় এসে জুতার ফ্যাক্টরিতে, মানুষের বাসায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে করতে একসময় শ্রমিকনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল।
ওর একটা কথা আমার খুব ভালো লেগেছিল। ও বলেছিল, ‘আপা, আমরা মাইয়া মানুষ। আমাগো বিয়া করলেও জ্বালা, না করলেও জ্বালা।’ এই ডায়ালগটা আমার ট্রেলারে আছে। এই কথাটা আমার এত ভালো লাগল, আমি ঠিক করে ফেললাম, ওর সঙ্গেই কাজ করব। ওকে বলার পর রাজি হয়ে গেল। তারপর ডালিয়া আমার বাসায় এল। বলল, ‘আপা, আমি যদি আপনার মতন লেখাপড়া করতাম, আমিও অনেক বড় কিছু করতাম।’ আমার শুনে কী যে ভালো লাগল। ও যখন ইউরোপে গেল, ঘুরল, ছবির প্রদর্শনী শেষে দর্শকদের কথা বলল। তারপর বলল, ‘না, আমার বাংলাদেশই ভালো।’ ফ্রান্সের রাস্তা দিয়ে যাচ্ছি, ও বলল, ‘আপা, দ্যাখেন, মনে হইতেছে মাওয়া দিয়ে বরিশাল যাইতেছি।’ ফ্রান্সের বাড়ি দেখে ও বলল, ‘আমি আমার গ্রামে এ রকম একটা ঘর তুলব।’ আর সে বাড়িটা বানাবে কোনো জায়গায়? যে জমিটির দাবিদার ও হলেও বিয়ে হয়ে গেছে বলে ওর পরিবার দিতে চায় না, সেই জমিতে ও এই ঘর তুলবে। সে সহজাতভাবেই দুর্দান্ত নারীবাদী। যদিও সে হয়তো এই শব্দটা জানেই না।

শুটিংয়ের অভিজ্ঞতা বলেন...
২০১৬ সাল থেকে তো চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। তখন থেকেই ডালিয়া আমার সঙ্গে কাজ করে। আমার অভিনয়শিল্পীদের ও সেলাইয়ের কাজ শিখিয়েছে। ওর মতো করে কথা বলা শিখিয়েছে। আমি জিজ্ঞেস করতাম, ‘এই সংলাপটা আপনি হলে কীভাবে বলতেন?’ যেমন একটা ডায়ালগ থাকে, ‘যদি এই ফ্যাক্টরিতে তালা ঝোলে, তো তোরে আমি ছিইল্লা ফালামু।’ ও দেখিয়ে দিত। স্ক্রিপটা লিখতেই তো দুই-আড়াই বছর লেগে গেল। রিকিতা নন্দিনী, নভেরা রহমান দারুণ অভিনয় করেছে। আমার প্রযোজকেরা আমাকে ৩৯ দিন সময় দিয়েছিল। আমি শুটিং শেষ করেছি ৩৬ দিনে। শুটিংয়ের আগে আমরা লোকেশনে গিয়ে প্রচুর অনুশীলন করেছি। আমার কলাকুশলীদের বেশির ভাগই নারী।
ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে। কেমন সাড়া পেলেন?
২০১৯ সালের ৬ সেপ্টেম্বর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। আমি তো খুবই নার্ভাস। বাইরে থেকে শুনলাম ক্লাইম্যাক্সে করতালির শব্দ। সেই করতালি আর থামে না। তারপর আমরা লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে দেখালাম। আমাদের সমস্ত শোয়ের সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল। এরপর আরও বেশ কয়েক জায়গায় দেখানো হয়েছে। গত বছর ৪ ডিসেম্বর ফ্রান্সে মুক্তির পর এ পর্যন্ত ৬৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ছবিটি। ইতিমধ্যে ডেনমার্ক ও পর্তুগালে মুক্তি পেয়েছে। আমরা যুক্তরাষ্ট্র, কানাডা, পোল্যান্ড ও জাপানে মুক্তির বিষয়ে আলাপ করছি।

‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি দেশের বাইরে দেশকে কীভাবে তুলে ধরছে?
আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এর পেছনে বাংলাদেশের নারী পোশাকশ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমায় নারী শ্রমিকদের সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প বলা হয়েছে। শ্রমিকদের ওপর বৈশ্বিক শোষণের বাস্তবতায় বাংলাদেশের নারী পোশাকশ্রমিকদের এই গল্প অনুপ্রেরণার, পরিবর্তনের, অগ্রসরের। আমার চোখে এটিই ইতিবাচক বাংলাদেশ। এটা বঞ্চনার গল্প হতো, যদি আমি দেখাতাম যে শ্রমিকেরা বসে বসে মার খাচ্ছে। কিন্তু সে তো উঠে দাঁড়িয়ে পাল্টা লড়াই করছে। আর লড়াই করে জিতছে। ডালিয়া যখন সিনেমার প্রদর্শনী শেষে হলভর্তি দর্শকদের সামনে কথা বলেছে, সবাই অবাক হয়ে গেছে। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল ও ডেনমার্ক প্রযোজিত ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।
দেশের মানুষ কবে নাগাদ ছবিটি দেখতে পারবে?
আমরা এই ১ এপ্রিলকে সামনে রেখে ছবি মুক্তির কাজ এগোচ্ছি। এই মাসেই সেন্সর বোর্ডের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে কমিটির কাছে জমা দেওয়া হবে। পরে হয়তো কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মেও যাবে।

আপনার কি চিত্রনাট্য লেখার সময় কখনো মনে হয়েছে যে এভাবে লিখলে আমার সেন্সর সার্টিফিকেট পেতে অসুবিধা হবে?
ওটা ভাবলে আমি কখনোই ‘মেহেরজান’ বানাতে পারতাম না। ‘আন্ডার কনস্ট্রাকশন’ও বানাতে পারতাম না। সমাজের মানুষ কী বলবে, সেটা আমি কখনোই ভাবি না। তবে হ্যাঁ, আমার ছবির নাম ‘মেড ইন বাংলাদেশ’। আমি নিজের দেশের ‘নেগেটিভ ব্র্যান্ডিং’ করতে পারি না। আমার গবেষণায় আমি যা কিছু ইতিবাচক, অনুপ্রেরণাদায়ক পেয়েছি, সেখান থেকেই ছবিটা বানিয়েছি। আমি নিশ্চয়ই বাস্তবতার কথাটাই বলব। আমার বিশ্বাস, ছবিটি দেখার পর কোনো গার্মেন্টস মালিক বা সরকারপক্ষ কারও কোনো আপত্তির জায়গা থাকবে না। রানা প্লাজার মৃত্যু আমি দেখাচ্ছি না। আর কেউ যদি নারী শ্রমিকের নিজের অধিকারসচেতনতা নিয়ে প্রশ্ন করে যে এটা ইতিবাচক নয়, তাহলে তো কিছু বলার নেই। ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত কীভাবে, কতখানি অগ্রসর হলো বাংলাদেশের গার্মেন্টসশিল্প, সেই গল্পই তুলে ধরা হয়েছে।


এরপর কী করবেন?
আমার একটা গল্প আছে—‘পিঙ্ক ব্লসম’। ‘মেড ইন বাংলাদেশ’–এর সময় থেকেই আমি এটা লিখছি। ‘আন্ডার কনস্ট্রাকশন’–এ আমি মধ্যবিত্ত নারীর জীবন দেখিয়েছি। ‘মেড ইন বাংলাদেশ’–এ নিম্নবিত্ত নারী শ্রমিকের জীবনের গল্প বলেছি। ‘পিঙ্ক ব্লসম’-এ তাই উচ্চবিত্ত নারীর জীবন দেখাতে চাই। আমার প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ এই প্রজেক্ট নিয়ে ২০২০ সালের ইউরোপিয়ান অডিও-ভিজ্যুয়াল উদ্যোক্তা আয়োজিত প্রযোজকদের কর্মশালার জন্য নির্বাচিত হয়েছেন। সেখানকার তিনটা সেশনের দুটিতে আমিও অংশ নেব। আবার ‘মেড ইন বাংলাদেশ’-এর প্রায় প্রতিটি প্রদর্শনীর পর দর্শক, সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে, এরপর কী হলো? তাই আমার প্রযোজক বলেছেন, ‘চলো, আমরা এর পরের ছবিটা বানাই।’ ডালিয়া জর্ডানেও কাজ করল। প্রবাসী নারী শ্রমিকদের ওপর গবেষণা শুরু করলাম। কেবল লেবানন, জর্ডান ও মরিশাসেই গার্মেন্টস সেক্টরে কাজ করেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি নারী। প্রতিবছর আড়াই হাজার থেকে তিন হাজার নারী পাড়ি জমাচ্ছেন সেসব দেশে। দেখা গেল, বেশির ভাগ প্রবাসী নারী শ্রমিক সিঙ্গেল মাদার। আর তাঁদের আয়ের ওপর পাঁচ থেকে ছয়জনের একটা পরিবার নির্ভর করে। তাঁদের প্রথম জিনসের প্যান্ট পরা, ওড়না ছাড়া কাজ করা, ডর্মে থাকা—এসবের গল্প থাকবে। ওদের জীবন কিন্তু পুরোটাই ফোনের ভেতর। ঈদের দিন বা প্রেম সবই ফোনে। ডালিয়ার সন্তানের বয়স এখন তিন বছর। সিকুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্র হবে ডালিয়ার শিশুকন্যা।