
আজকে নাটকের প্রথম রানথ্রো। আজ তাহলে আগে যেভাবে দেখিয়ে ছিলাম দৃশ্যটি, সেভাবেই করো। পরে আমরা আবার দৃশ্যটি নতুন ডিজাইনে করব।...এই, আমার মহড়ার নোটখাতাটি কোথায়?...শোনো, প্রথম রানথ্রোতে স্ক্রিপ্ট হাতে নিয়ে অভিনয় করলে কোনো অসুবিধা নেই। এখন সবাই যার যার জায়গায় যাও। পাঁচ মিনিট পর ঘণ্টা বাজানো হলে মহড়া শুরু হবে। যাও, মনোসংযোগ করো।’
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ল্যাব-৩-এ নেমে এল অন্যরকম নিস্তব্ধতা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেলিম আল দীন রচিত শকুন্তলা নাটকের মহড়া—প্রথম রানথ্রো। একটু আগে এ নাটকের নির্দেশক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক একনাগাড়ে কুশীলবদের উদ্দেশে বলে গেলেন কথাগুলো, তারপর কুশীলবেরা সবাই চলে গেছেন যার যার অবস্থানে।
এখন আমরা কেবল নিঃশ্বাসের শব্দের ভেতর শকুন্তলার প্রতীক্ষা করছি। ল্যাবের পুরো কক্ষজুড়েই মঞ্চ। দর্শক বসে আছে মাঝখানে। হঠাৎই শুরু হলো সংগীত, সঙ্গে একদল ছেলেমেয়ের কোরিওগ্রাফ। ভাবছি, শকুন্তলা তো স্বর্গ-মর্ত্যের দ্বন্দ্বসংকুল এক মানবীয় অখ্যান। এখানে দেখা যাবে স্বর্গের ইন্দ্র এবং মর্ত্যের বিশ্বামিত্রের দ্বন্দ্বের ফলে শকুন্তলার করুণ কাহিনি; কিন্তু প্রথমে এই সংগীতনির্ভর কোরিওগ্রাফ কেন! তখনই মঞ্চে আবির্ভূত হলেন এক কুশীলব—উচ্চকণ্ঠে তিনি ঘোষণা করলেন, ‘দর্শকমণ্ডলী, শুরু হচ্ছে নাটক শকুন্তলা।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক সম্মান চতুর্থ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা শকুন্তলা।
নাটকের শুরুতেই চক্রান্তের ঘনঘটা—মর্ত্যের বিশ্বামিত্র স্বর্গ জয় করে অমর হওয়ার বাসনায় বিভোর। তাই তার বিরুদ্ধে জমে উঠল স্বর্গবাসী ইন্দ্রের ষড়যন্ত্র। অপ্সরী মেনকাকে পাঠানো হলো বিশ্বামিত্রের কাছে। মেনকার রূপে বিশ্বামিত্র মুগ্ধ। মেনকার গর্ভে জন্ম হলো তার সন্তান শকুন্তলার। ততক্ষণে ইন্দ্রের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে পরাস্ত বিশ্বামিত্র। ওদিকে ইন্দ্রের পরামর্শে সফলভাবে ষড়যন্ত্র শেষ করে এবং জন্মের পর শকুন্তলাকে মালিনী নদীতীরে ফেলে রেখে স্বর্গে ফিরে গেল তার মা মেনকা।
পুরো নাটকে বর্ণনাত্মক অভিনয়রীতির সঙ্গে চরিত্রাভিনয়রীতি মিলিয়ে-মিশিয়ে শিক্ষার্থী অভিনয়শিল্পীরা করে চলেছেন অভিনয়। তাঁদের কথা ও সংলাপের শিল্পময়তায় একে একে ফুটে উঠছে অজস্র ছবি—যে কক্ষটি একটু আগেই ছিল কৌশিকী নদীর তীর, পর মুহূর্তেই সেটি হয়ে উঠছে বিশ্বামিত্রের তপোবন। কিংবা বিশ্বামিত্রের সঙ্গে মেনকার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য নির্মাণে নির্দেশক যখন কয়েক জোড়া বিশ্বামিত্র-মেনকাকে কোরিওগ্রাফের মাধ্যমে মঞ্চে হাজির করছেন, মুহূর্তেই অন্য মাত্রা পেয়ে যাচ্ছে সেটি। সব মিলিয়ে গোটা নাটকে পাওয়া গেল শকুন্তলার অনুপম ছবি।
নাটকের শেষ দিকে শকুন্তলার মানবীয় আর্তি স্পর্শ করল অনেককেই। একসময় রানথ্রো শেষ হলো কিন্তু ঘটনা ঘটল অন্যখানে—এক ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এই নাটকের অর্ধেক শেষের পর দ্বিতীয় পর্বের শুরুতেই এক অভিনয়শিল্পী বেমালুম ভুলে গেলেন সংলাপ। সংগীতের আবহে হামিং চলছে—কিন্তু ওই শিল্পী স্থির!
নির্দেশক বললেন, ‘যেখান থেকে ভুলে গেছ সেখান থেকে আবার শুরু করো।
মহা উদ্যোমে আবার শুরু হলো রানথ্রো। আর আমাদের মনে হলো, মহড়াকক্ষে তো এমনই হওয়া চাই. অভিনয়শিল্পীরা অভিনয় করবেন, অভিনয় করতে করতে ভুলে যাবেন সংলাপ । এরপর আবার নতুন করে শুধরে নেবেন নিজেকে। এভাবেই তো অভিনয়ে তিনি খুঁজে পাবেন নিজের যথার্থ অভিব্যক্তি।
জাহাঙ্গীরনগরের জহির রায়হান মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হবে ১৬ নভেম্বর।