‘শাইলক অ্যান্ড সিকোফেন্টস’—জীবনের নবতম অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীত বিক্রি করে বিশাল বিত্তের মালিক হওয়া যায়—এ কথা শোনার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু নাটক দেখতে দেখতে কী রকম একটা বিশ্বাসের বীজ আস্তে আস্তে রোপিত হতে থাকে। শেষ পর্যন্ত একটা নতুন ভাবনা আর বিশ্বাস নিয়ে ফিরে যায় দর্শক। মিলনায়তনে ঢুকতেই লেজারের আলোর বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে মোহনীয় দুরস্ত সংগীত। নাটক শুরু হলো একটা রেল কমপার্টমেন্টে। আলো আর মাল্টিমিডিয়ার ব্যবহারে পুরো ব্যাপারটাই বিশ্বাসযোগ্য হয়ে পড়ে। এর মধ্যে শাইলক আর তার স্তাবকদের ল্যাপটপ ও ইন্টারনেটের কার্যক্রম চলতে থাকে। শিকার হিসেবে পেয়ে যায় সেকান্দরকে। সেকান্দর তার এক টুকরো জমি বিক্রি করতে চেয়েছিল। কিন্তু তার চেয়ে অনেক বেশি টাকার ব্যবস্থা হয়ে যায় অতীত বিক্রি করে। অতীত বিক্রি করার অর্থ হচ্ছে, মূল্যবোধ, স্বপ্ন, ভাবনা—সব বিক্রি করে দেউলিয়া হয়ে যাওয়া। বিশ্বায়ন, বাজার অর্থনীতি এবং সর্বোপরি করপোরেট পুঁজি বিশ্বমানবকে নিঃস্ব করার এক প্রক্রিয়ায় নেমেছে। এর প্রধান অস্ত্র হচ্ছে বিপণন। বিপণন প্রথমে ঢুকেছে পরিবারে, তার পরে তার টার্গেট (বিপণনের ভাষা) হচ্ছে পারিবারিক বন্ধন, সম্পর্ক, মূল্যবোধ। যা কিছুই মানুষে মানুষে অনুভবের বিষয়, তা-ই নিয়ে খেলা করছে বিপণন। মানবিক সম্পর্কগুলো সবই যেন বিপণন। এ নাটকের পিতাকে এই বিপণন এখনো গ্রাস করতে পারেনি। তাই তিনি বলেন, ‘অতীত মানে তো আমারও আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা। তোমাকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল, সেটাও তো অতীত। তোমার মেয়ের প্রতি তোমার যে স্নেহ, সেটাও তো অতীত। সুরাইয়ার প্রতি তোমার যে ভালোবাসা, সেটাও তো অতীত। সেটা বিক্রি করে দিয়েছো, আর বলছো তুচ্ছ? আমি হয়তো পুরোটা বুঝে উঠতে পারছি না কিন্তু মনে তো হয় তুমি ভয়ংকর কিছু করেছ।’শাইলক সব জায়গায় ছুটছে। এমনকি কবরেও। মৃত পিতার কবরও কিনতে চায়। এবার পিতা ক্ষুব্ধ হয়ে আরও বলেন, ‘তোমাদের পরমপিতার সেই জ্ঞান নেই যে, এখন তিনি কোথায় আছেন। প্রত্যেকটা মানুষের দ্রোহ, ক্রোধ, অভিমান, যন্ত্রণা, বিপ্লব, অভ্যুত্থান কিনে নেওয়ার পর যে পৃথিবী তৈরি হবে, তা এক শূন্য পৃথিবী। তোমাদের পরমপিতা এক শূন্য পৃথিবীর পরমপিতা হবেন।’ আজকের বিপণন পৃথিবী সবকিছু কিনে নিয়ে মানুষকে একটা হূদয়হীন কঙ্কালে পরিণত করতে চায়। তার জন্য সব ধরনের গেজেটও তৈরি করছে সে।শাইলক ও সিকোফেন্টস নাটক এর ভেতরটা উন্মোচিত করে তার বিরুদ্ধে একটা দ্রোহ রচনা করছে। শাহজাদ ফিরদাউসের উপন্যাসটিকে নাটকে পরিণত করার কাজটিও দুরূহ। হাসান শাহরিয়ার তা ভালোভাবেই করেছেন।এ নাটকে অভিনয়ের সুযোগ আছে সবারই। কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সেকান্দর আর সুরাইয়ার। হাসান শাহরিয়ার তাঁর বেশ সদ্ব্যবহার করেছেন। একদা মনোজ মিত্রের নরকগুলজার নাটকে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর তাঁর সে রকম ধারাবাহিকতা ছিল না। এ নাটকে এসে আবার সেই অভিনয়ক্ষমতা দেখতে পাই। সবার আগেই ধন্যবাদ দিতে হয় আজাদ আবুল কালামকে এ ধরনের দুরূহ একটি প্রযোজনা সামাল দিয়ে কী করে ওই পিতার চরিত্রে সাবলীল অভিনয় করে গেলেন। ঋতু সাত্তার জড়তামুক্ত। ঝোড়ো হাওয়ার মতো বেপরোয়া। দীপক সুমন ও ইমন দুজনই দীর্ঘাঙ্গী, দৃষ্টিনন্দন, বাচিক স্পষ্ট কিন্তু খেলাধুলার প্রয়োজন আছে। অভিনয়শিল্পের বড় সমস্যা হলো, একে সংজ্ঞায়িত করা যায় না। কোনটা আধুনিক অভিনয় তাও বলা যাবে না। তাই দর্শকের অনুভবের ওপর ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। আবার দর্শক, সেও এক রহস্য। কাকে, কোথায়, কীভাবে স্পর্শ করে। তবে একটা মোটা দাগের ঐক্য তো আছেই। সেই নিরিখেই বিচারটা হয়। সেই বিচারে নাতিদীর্ঘ নাটকটি দর্শক ধরে রাখে।নাটককে দুর্বোধ্য রাখা, মধ্যযুগকে মঞ্চে নিয়ে আসা, নানা লোককাহিনিকে মঞ্চে শেকড়-বাকড়সমেত উপস্থিত করার একটা প্রক্রিয়া সত্তরের দশক থেকেই দেশে দেশে চর্চা করতে দেখা গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও চর্চায় একটা গুরুত্বপূর্ণ জায়গাও দখল করে আছে। মহাভারত, রামায়ণের বা অন্য সব মিথ নিয়েও ব্যাপক কাজ হচ্ছে। তাতে সুন্দর সুন্দর spectacle তৈরিও হচ্ছে। পিটার ব্রুক থেকে এসবের নানা নিরীক্ষা করেছেন, বাংলাদেশেও হয়েছে। কিন্তু সাম্রাজ্যবাদী চক্রান্তে দিশেহারা মানুষকে বাঁচানোর প্রয়োজনের যে নাটক, তাকে ক্ষীণকণ্ঠ করা হয়েছে। পশ্চিমা প্রচারমাধ্যম থেকে শুরু করে তৃতীয় বিশ্বের প্রচারমাধ্যমও যুক্ত হয়েছে তার সঙ্গে। তার পরও নাটকের আঙ্গিক জাতীয় এবং বিষয়বস্তু আন্তর্জাতিক—এই সত্যের বাইরে কোনো শিল্পীই যেতে পারেননি। এ যেন শূন্য চিরদিনের, মেঘ ক্ষণিকের।নির্দেশক আবুল কালাম আজাদের কৃতিত্ব এখানেই যে, তিনি সব রকম আধুনিকতাকে ব্যবহার করেছেন। যেমন লেজার, ল্যাপটপ, সেলফোন, মাল্টিমিডিয়া, আলোর চমক—এসব দিয়ে একটা নকল পৃথিবী গড়ে তুলেছেন। সেই পৃথিবীটা নিয়ে একসময় খেলতে খেলতে ভয় পাইয়ে দেয়। সেই সঙ্গে আধুনিক সংগীত। শাহীনূরের মঞ্চ নির্মাণ, ফয়েজ জহিরের আলো, অশিত কুমারের সংগীত, ইমনের পোশাক, জার্নালের ভিডিও ও প্রজেকশনকে নির্দেশক একটি সুতায় গাঁথতে পেরেছেন।বিভিন্ন দলের কলাকুশলী নিয়ে কাজটি হয়েছে, রেপার্টরির চরিত্র যা হয়। প্যাকেজের ব্যস্ততার যুগে এটাও যে সম্ভব, তাও প্রমাণিত হলো। বিভিন্ন দল অনেক শিল্পী-কুশলী নিয়ে যেমন বড় বড় প্রযোজনা নামায়, তারও গুরুত্ব আছে। আবার পাশাপাশি বিভিন্ন দলের শিল্পী-কুশলী নিয়ে এসব উদ্যোগ আমাদের নাট্যশিল্পের জন্য একটা নতুন দিগন্ত রচনা করতে পারে।এখনো যাঁরা স্বপ্ন দেখেন ভয়ংকর বৈষম্যে ভরা এই পৃথিবীটায় আবার একটা মধ্যবিত্তের উত্থান ঘটানো প্রয়োজন, তাদের জন্য নাটকটি অবশ্যদর্শনীয়।