'শাহনামা'র অনুবাদককে নিয়ে প্রামাণ্যচিত্র
ফেরদৌসীর শাহনামা মহাকাব্যটি ফরাসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছিলেন মনিরউদ্দিন ইউসুফ। লিখেছেন কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও শিশুসাহিত্য। ১৯৮৭ সালের ১১ ফেব্রুয়ারি মারা যান সব্যসাচী এই লেখক। সেই মনিরউদ্দিন ইউসুফের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হচ্ছে ৬০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র।
এস বি বিপ্লবের চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি এই সাহিত্যিকের জন্মস্থান কিশোরগঞ্জে তাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বিপ্লব বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি মনিরউদ্দিন ইউসুফের জন্মদিন। সেদিন আনুষ্ঠানিকভাবে প্রামাণ্যচিত্রটি মুক্তির ঘোষণা দেওয়া হবে। ধারণকৃত কিছু দৃশ্য সেদিন উপস্থিত সবাইকে দেখানো হবে। আর ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালে।
আগামী বছর মুক্তি পাবে এই পরিচালকের প্রামাণ্যচিত্র রবির কিরণে শৈলজারঞ্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও শিল্পকর্ম প্রসারে সবচেয়ে বেশি অবদান রাখা শৈলজারঞ্জন মজুমদারকে নিয়ে এই প্রামাণ্যচিত্রের জন্য দীর্ঘদিন গবেষণা করেছেন এস বি বিপ্লব।