বাজারের শেষ মাথায় পাশাপাশি দুটি প্রেক্ষাগৃহ। একটির নাম ক্লিওপেট্রা সিনেমা হল, আরেকটি সিকতা সিনেমা হল। দুটোর নামের পাশেই এখন ডিজিটাল তকমা লেগেছে।
ঈদের দিন থেকে ক্লিওপেট্রায় চলছে ‘শিকারি’ ও সিকতায় ‘মেন্টাল’। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে সিকতা নতুন করে আবার সচল হয়েছে। তো এই চালু করার ব্যাপারটি যে সার্থক তা বেশ টের পাওয়া গেল। ঈদের দিন রাত নয়টার খানিক আগে যখন বাজারের ভেতর দিয়ে ওই সিনেমা হল দুটির সামনে এলাম, তখন রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে লোকজন ফিরছে। বগুড়ার ধুনটের সেই চিরাচরিত পুরোনো হয়ে যাওয়া সংলাপ যেন কানে এল, ‘এই হল ভাঙছে।’
বেশ কয়েক বছর আগে, যখন অভিনয়শিল্পীরা ‘প্লিজ, হলে গিয়ে বাংলা ছবি দেখুন’ এমন আবেদন শুরু করেননি, তখন এমন দৃশ্য চোখে পড়ত ধুনটবাসীর। এই হল ভাঙা মানে নতুন শোয়ের জন্য ভিড়। চারপাশে দর্শকের হল্লা। ‘ওই মিয়া টিকিট দ্যান’ বলে চিৎকার। শো শুরু হয়ে যাবে বলে সাইকেল, রিকশা, ভ্যান গ্যারেজে রাখার তোড়জোড়। ঠিক এই রকম প্রায়-ভুলতে-বসা দৃশ্যটিই যেন এবারের ঈদ উপলক্ষে ফিরে এল আবার।
ক্লিওপেট্রা সিনেমা হলের সামনের রাস্তাটায় কাদা। দূরে জ্বলতে থাকা হলুদরঙা বাতির আলোয় সে কাদা চকচক করছে। গ্যারেজে জমা রাখার অপেক্ষায় অটোভ্যান, ভটভটি ডিঙিয়ে সবার লক্ষ্য টিকিটঘর। সেই টিকিট ঘরের সামনে অবশ্য স্বাভাবিক অবস্থায় যাওয়ার জো নেই। খানিক আগে শেষ হয়েছে সন্ধ্যার শো। যত মানুষ বেরিয়েছে তার চেয়েও বেশি মানুষ অপেক্ষারত বাইরে। ‘শিকারি’র টিকিট ধরতে প্রত্যেকেই শিকারির ভূমিকায়। বহুদিন পর দরজায় দাঁড়িয়ে থাকা গেটম্যানের মুখে হাসি। সামনে থেকে ‘শিকারি’র দর্শকেরা সমানে ধাক্কা দিচ্ছে। সে তীব্র ধাক্কা সহ্য করেও কি করে হাসিমুখে তিনি টিকিট ছিঁড়ছেন, সে এক বিরাট রহস্য।
সিকতা সিনেমা হলেও একই অবস্থা। যাঁরা ‘শিকারি’র টিকিট পাননি, তাঁরা এসেছেন এখানে। আবার যাঁরা ‘মেন্টাল’-এর টিকিট পাননি, তাঁরা ছুটছেন ‘শিকারি’র টিকিট কাটতে। কিন্তু সিনেমা টিকিটও সোনার হরিণ যেন। ‘শিকারি’ ঘিরে এমন ‘মেন্টাল’ অবস্থায় পড়তে বহুদিন দেখা যায়নি ধুনটের দর্শকদের।
সিনেমা দেখার ইচ্ছে থাকলেও এ যাত্রায় ফিরে আসতে হলো। না দেখার কষ্ট নয়, বরং সিনেমা হলে দর্শক ফিরছেন—এই আনন্দই মুখ্য হয়ে উঠল আমাদের কাছে। আগামীকাল যেকোনো একটা দেখবই—এমন পণ করে ফিরি আমরা।