‘শিখণ্ডী কথা’ মুক্তি পাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়াদের জীবনের এক অন্য রকম গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র শিখণ্ডী কথা মুক্তি পাচ্ছে আজ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহম্মদ হান্নান। চলচ্চিত্রটির গল্পকার আনন জামান। ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিরানা জামান, রোকেয়া প্রাচী এবং মহাকাল নাট্যসম্প্রদায়ের শিল্পীরা।ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।ছবির কাহিনিতে দেখা যায়, দুটি মেয়ের পর তৃতীয় সন্তান ছেলে হওয়ায় রমজেদ মোল্ল্লা ও রামেলার সংসারে আনন্দের জোয়ার বয়ে যায়। ছেলেকে সাত রাজার ধনের সঙ্গে তুলনা করে রমজেদ তার নাম রাখে রতন। শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার পর রতনের দেহের অসংগতি প্রকট হতে শুরু করে। তার পরিবারের লোকজনসহ গ্রামের সবাই বুঝতে পারে, রতন আসলে পুরুষ নয়, হিজড়া। নানাভাবে বঞ্চনার শিকার হয় রতন। একসময় বাধ্য হয়ে রতন আশ্রয় নেয় হিজড়া ডেরায়। সেখানে তার নাম দেওয়া হয় রত্না।হিজড়া ডেরায় আরও অনেক হিজড়ার সঙ্গে বেড়ে ওঠে রত্না। কাজের অভাবে দোকান-বাজার থেকে টাকা উঠিয়ে, অথবা নতুন শিশুর জন্মের সময় নাচ-গান করে জীবিকা নির্বাহ করে তারা।গল্পের শেষে দেখা যায়, একদিন রত্না ঘর থেকে অপরূপ সাজে বেরিয়ে আসে। উন্মত্তের মতো দৌড়িয়ে খোলা একটা মাঠে এসে প্রশ্ন করে, কেন তাকে হিজড়া হিসেবে পৃথিবীতে পাঠানো হলো?লা গ্যালারিতে ‘বরেন্দ্রে জীবন’আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘বরেন্দ্রে জীবন’ শীর্ষক শিল্পী সুমন কুমার সরকারের প্রথম একক জলরং শিল্পকর্মের প্রদর্শনী। গত মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সহ-পরিচালক জেহম্ শাখ্বনো। শিল্পী সুমন কুমার সরকার বরেন্দ্রর লাল মাটিতে বড় হয়েছেন। বাংলার ঋতুবৈচিত্র্য বরেন্দ্র অঞ্চলে যেভাবে পরিবর্তিত হয়, তা তাঁর গভীরভাবে জানা। গ্রীষ্মের দাবদাহ, বর্ষায় কর্দমাক্ত লাল মেঠোপথ, শরতে নদীর দুধার দিয়ে কাশফুলের ছড়াছড়ি, হেমন্তে বাড়ির উঠানে ভরা ধান, শীতে শালবনের পাতাঝরার শব্দ আর বসন্তে পলাশ-শিমুলের রক্তরাগ। স্বভাবতই শিল্পী সুমন কুমার সরকারের শিল্পচর্চার প্রেরণা ছিল বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি। এ অঞ্চলের পল্লির দৃশ্য, বয়ে চলা নদী, নদীর দুই পাশে গ্রাম, সাঁওতাল জনপদ—এ সবই তাঁর ছবি আঁকার বিষয়। এখানকার বাঙালি ও সাঁওতালদের অতি যত্নে গড়া মাটির ঘরবাড়িগুলোর প্রতিটি অংশে যেন শিল্পের ছোঁয়া। তাই কখনো কখনো পুরো গ্রামটাই যেন হয়ে ওঠে একটি শিল্পকর্ম। শিল্পীর চিত্রে কখনো এসেছে গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠোপথ। সেখানে ধুলো উড়িয়ে নিজ গন্তব্যের দিকে চলেছে গরু-মহিষের গাড়ি। কখনো দিন শেষে রাখাল বালকের গরু নিয়ে ঘরে ফেরার দৃশ্য, সাঁওতাল নর-নারীর কর্মময় দৃশ্য ইত্যাদি। দুই সপ্তাহব্যাপী প্রদর্শনী শেষ হবে ২৯ এপ্রিল। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।৮০ চিত্রশিল্পীর প্রদর্শনীরাজধানীর গুলশানের সাজু আর্ট গ্যালারির আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে নবীন-প্রবীণ ৮০ চিত্রশিল্পীর চিত্রকলা প্রদর্শনী। গ্যালারিটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ‘গ্র্যান্ড গ্রুপ আর্ট প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। এটি গ্যালারির ৭২তম প্রদর্শনী। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর। প্রদর্শনীতে ৮০ জন শিল্পীর ১১৩টি শিল্পকর্ম উপস্থাপিত হবে। এতে পটুয়া কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমদ, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, আবু তাহের, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, শহীদ কবির, আব্দুস শাকুর, বীরেন সোম, ফরিদা জামান, অলকেশ ঘোষ, আবদুল মান্নান, নাসরিন বেগম, শেখ আফজাল, কনকচাঁপা চাকমা, রফি হক, বিপাশা হায়াত, মোহাম্মদ ইকবাল প্রমুখ চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।আগামী ২০ মে পর্যন্ত চলবে এ প্রদর্শনী।