নাটক নিয়ে উৎসব। বিষয় এবং গল্প এক। এক শিরোনামের নাটকের পরিবেশক দল আলাদা, নির্দেশক, শিল্পী আলাদা। শুধু একটি নাটক নিয়ে ‘শিখণ্ডী কথা উৎসব’ ঢাকার মঞ্চে অভিনব। ‘শিখণ্ডীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সব কটি তারা’ স্লোগান নিয়ে গত শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চলছে ‘শিখণ্ডী কথা’ জাতীয় উৎসব। মহাকাল নাট্য সম্প্রদায় এ গবেষণালব্ধ নাটকটি মঞ্চে আনে ২৫ সেপ্টেম্বর, ২০০২ মহিলা সমিতি মঞ্চে। হিজড়া সমাজের সুখ-দুঃখ কথামালায় গাথা গবেষণা নাটক শিখণ্ডী কথার ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজন করা হয়েছে এ উৎসবের। ঢাকা ও ঢাকার বাইরের নয়টি নাট্যদল একটি নাটক মঞ্চস্থ করছে তাদের নিজ নিজ নির্দেশনায়।
গতকাল তৃতীয় দিনে ঢাকার চন্দ্রকলা থিয়েটার নাটকটি পরিবেশন করে।
মহাকাল নাট্য সম্প্রদায়ের দলনেতা মীর জাহিদ হাসান বলেন, মানুষকে হিজড়াদের ব্যাপারে সচেতন করার মানসে এবং একটি মানবিক নাটকের ১৫০তম প্রদর্শনীকে স্মরণীয় করে রাখতে, দেশের প্রতিটি বিভাগ থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত নয়টি নাট্যদল একই নাটক নিজেদের মতো করে উপস্থাপন করেছে।
আজ চতুর্থ দিন মানিকগঞ্জের হাকিম আলী গায়েন থিয়েটার নাটকটি মঞ্চস্থ করবে।