‘শিখণ্ডী কথা’র শুটিং শুরু
বৃহন্নলাদের জীবন, সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র শিখণ্ডী কথা। এ মাসের প্রথম দিন থেকে ঢাকার পুবাইলে শুরু হয়েছে ছবিটির শুটিং। পরিচালনা করছেন মহম্মদ হান্নান। শুটিংয়ে অংশ নিচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কে এস ফিরোজ, মিরানা জামান, রানী সরকার, আমান ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অভিনয়শিল্পীরা।ঢাকার মঞ্চে শিখণ্ডী কথা নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০০২ সালে। মহাকাল নাট্যসম্প্রদায় এ পর্যন্ত নাটকটির ৯৭টি প্রদর্শনী করেছে। এর নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশিদ হারুন। এ ছাড়া চট্টগ্রামের নাট্যধার ৩১টি, নওগাঁ থিয়েটার সাতটি, হাকিম আলী গায়েন থিয়েটার ১৯টি ও মহাকাল নাট্যসম্প্রদায় (পুরানা পল্টন) ৭১টি প্রদর্শনী করেছে শিখণ্ডী কথার। এবার এ নাটকের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র।নাটকটির নাট্যকার আনন জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বলেন, ‘মঞ্চের নাট্যরূপটি চলচ্চিত্রের জন্য কিছুটা পরিবর্তন করেছি। এরই মধ্যে আরও কিছু গবেষণা করেছি। সেগুলোও এখানে রেখেছি।’