‘শিখণ্ডী কথা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন নাট্যকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাল নাট্যসম্প্রদায় শিখণ্ডী কথা নাটকটি মঞ্চে এনেছিল ২০০২ সালের সেপ্টেম্বর মাসে। হিজড়া সম্প্রদায়ের দুঃখ-যন্ত্রণা আর বঞ্চনার গল্প নিয়ে নাটকটি লিখেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন রশিদ হারুন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক। এরই মধ্যে নাটকটির ১১০টি প্রদর্শনী হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ‘রত্না’। চরিত্রটিতে এত দিন অভিনয় করেছেন রাখাল সবুজ। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে বিজয়ের নাট্যোৎসবে নাটকটির ‘রত্না’ চরিত্রে অভিনয় করলেন নাট্যকার আনন জামান। আনন জামান বললেন, ‘সম্মান শেষ বর্ষের পরীক্ষার কারণে রাখাল সবুজ নাটকটি থেকে সাময়িক অব্যাহতি নিয়েছেন। তাই চরিত্রটি নতুন করে নিজের মধ্যে ধারণ করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।’