
কেমন আছেন?
ভালো।
এবারই প্রথম এলেন?
হ্যাঁ। আমার বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। তাঁর কাছ থেকে ঢাকার অনেক গল্প শুনেছি। সেই থেকে ঢাকায় আসার একটা ইচ্ছা তো ছিল। এবার ক্যাফে কাজী অ্যালবামের প্রচারণার জন্য সেই সুযোগটি পেয়ে গেলাম।
নজরুলসংগীতের তো আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু অ্যালবামের কয়েকটি গান শুনে মনে হলো, এখানে ‘রক’ ব্যাপারটিকে আপনি গুরুত্ব দিয়েছেন।
আমাদের প্রাথমিক শর্ত ছিল মূল সুরকে কোনোভাবেই বিকৃত করা যাবে না। আমরা তা করিনি। হয়তো থ্রোয়িংটা একটু অন্য রকম হয়েছে।
আপনি ক্যাকটাস ব্যান্ডের সঙ্গে সেই শুরু থেকে আছেন। ক্যাকটাস ব্যান্ডের কত বছর হলো?
২৩ বছর। এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো শো করা হয়নি। আশা করছি সামনে হবে।
কলকাতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো বাংলাদেশের ব্যান্ডের গান খুব শোনে।
আমরা কিন্তু বড় হয়েছি বাংলাদেশের ব্যান্ডের গান শুনে শুনে। ফিডব্যাক, এলআরবি, মাইলস আর জেমসের গান ছিল আমাদের দারুণ পছন্দ। রক ব্যান্ড গড়তে তাদের গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এ ছাড়া অন্যান্য দেশের শিল্পীদের গানও শুনতাম। আমরা যখন শুরু করেছিলাম, ওই সময় কলকাতায় রক ব্যান্ডের কোনো ভাবনা ছিল না। তাই আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে।
বাংলাদেশের কোন ব্যান্ডের গান প্রথম শুনেছিলেন?
প্রথম শুনেছি ফিডব্যাকের গান। ১৯৯৫ সালে মাকসুদ ভাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলেন। কয়েকটা গান গাওয়ার পর বৃষ্টি শুরু হয়। মঞ্চের সামনে হাজার চারেক ছেলেমেয়ে। বৃষ্টির জন্য কেউ একটুও সরে যায়নি। সবাই মাকসুদ ভাইয়ের গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে।
আপনার গানের শুরুটা কীভাবে হয়েছিল?
আমার শুরুটা হয়েছিল বাসায়। বাবা ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক। তিনি বেহালা বাজাতেন। পাশ্চাত্যের শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে তাঁর খুব আগ্রহ ছিল। মা গান গাইতেন। আমার তিন বোন গান শিখেছে। মা পুরোনো দিনের হিন্দি ছবির গান দারুণ পছন্দ করেন। আসলে গানটা আমার ভেতরেই ছিল। প্রচুর গান শুনতাম। স্কুলে টুকটাক অনুষ্ঠান করি। কলেজেও গেয়েছি। রক গান শোনার শুরুটা কলেজে এসে। রক গান শুনে মনে হলো, এত দিন যা শুনেছি সব ভালো, কিন্তু এটা আমার। আমার গান গাওয়ার শুরু বন্ধুমহলে। এরপর কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি তৈরি হয়।
আর ক্যাকটাস ব্যান্ডের শুরুটা?
১৯৯২ সাল। তখন আমি মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র। ওই সময় ‘হলুদ পাখি’ গানটা লিখেছিলাম। সুর দিয়ে কয়েকজনকে শোনালাম। সবাই খুব পছন্দ করে। তার আগে থেকেই নিজেরা একটা ব্যান্ড গড়ার কথা ভাবছিলাম। কিন্তু ব্যান্ডের জন্য তো নিজেদের কিছু গান থাকা দরকার। ‘হলুদ পাখি’ দিয়েই শুরু হলো। এবার ব্যান্ডের জন্য সদস্য খোঁজার পালা। একসময় ব্যান্ড তৈরি হয়ে গেল।
ব্যান্ডের নাম ক্যাকটাস কেন?
ক্যাকটাস গাছের একটা বৈশিষ্ট্য আছে, প্রতিকূল পরিবেশের মধ্যেও সে বেঁচে থাকতে পারে। আমাদের চারপাশেও অনেক প্রতিকূলতা রয়েছে, তা সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। তারপরও আমরা বেঁচে আছি, বাঁচতে চাই। সংগীতের মধ্য দিয়েই বাঁচতে চাই। তাই আমরা সিদ্ধান্ত নিই, আমাদের ব্যান্ডের নাম হবে ‘ক্যাকটাস’।
শুরুটা যেভাবে হয়েছিল, এখন তো নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে।
পরিবর্তনের অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। বড় পরিবর্তন এসেছে মিউজিকে। গোড়াতে আমরা ক্ল্যাসিক রক ধাঁচের গান করতাম। ১০ বছর পর মনে হলো, আমাদের মিউজিকের ধারার পরিবর্তন দরকার। কারণ ক্ল্যাসিক রক একটু পুরোনো। সেখানে অল্টারনেটিভ রক, পাঙ্ক রক, প্রোগ্রেসিভ রক এবং মেটাল ধারাগুলো তত দিনে বেশ জনপ্রিয়। আমাদের ভালো লাগে অল্টারনেটিভ রক। আমরাও অল্টারনেটিভ রক ধারার গান শুরু করি।
আপনি তো চিকিৎসক। চিকিৎসা পেশার কী খবর?
চিকিৎসা পেশা থেকে দূরে আছি, তা প্রায় এক যুগ হতে চলল। মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়ার সময় ব্যান্ড শুরু করি। পড়া শেষে অর্থনৈতিক প্রয়োজনে একটা চাকরিতে যোগ দিয়েছিলাম। ক্যাকটাসের প্রথম অ্যালবাম বের হয় ১৯৯৯ সালে। এরপর আমাদের ব্যাপারে শ্রোতাদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। শুরুতে মাসে সাত-আটটা শো করতে হতো। এর বেশির ভাগই কলকাতার বাইরে। এমন কোন হাসপাতাল আছে যে আমাকে মাসে আট থেকে দশ দিন ছুটি দেবে? একসময় গানবাজনাও জীবিকার জায়গায় চলে আসে। আমার মনে হলো, দুইটা জীবিকা একটা মানুষের থাকতে পারে না। প্রথম ভেবেছিলাম, তিন মাস মুলতবি দিই। সেই তিন মাস এখন এক যুগ হতে চলল। তখন থেকে গান নিয়েই আছি।
আপনি তো এখন ব্যান্ডের বাইরেও কাজ করছেন।
হ্যাঁ, বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করছি। দুটো চলচ্চিত্রের গান করেছি। নামতে নামতে (২০১৩) ছবির কাজ আমি একা করেছি। আর অচেনা বন্ধুত্ব (২০১৫) যৌথভাবে।
এখন কলকাতার টিভি চ্যানেলগুলোতে গান নিয়ে অনেক রিয়েলিটি শো হচ্ছে। তাতে আপনি নিজেও বিচারক হয়েছেন। এই আয়োজন নিয়ে কিছু বলুন।
এসব রিয়েলিটি শোতে যারা গাইছে, তারা কিন্তু অনেক ভালো গাইছে। আমার মনে হয়, ছেলেমেয়েগুলো অল্প বয়সে অনেক বেশি প্রচার পাওয়ার কারণে তাদের শেখার আগ্রহ নষ্ট হয়। এর জন্য ব্যক্তি কিংবা তার পরিবার দায়ী। রিয়েলিটি শো মোটেও দায়ী নয়। নাম ছড়িয়ে পড়ার পর অনেকেই হারিয়ে যায়। রিয়েলিটি শো থেকেই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি সনু নিগম, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষালের মতো শিল্পীদের পেয়েছে। পরবর্তী সময়ে এসব আয়োজন থেকে আর সেভাবে কেউ উঠে আসেনি।
অনেকক্ষণ কথা হলো। আপনাকে ধন্যবাদ।
প্রথম আলোর সব পাঠককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, শিগগিরই ক্যাকটাসকে সঙ্গে নিয়ে আপনাদের গান শোনাতে আসব।