'শিগগিরই সুস্থ হয়ে যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

আরিফিন শুভ। অভিনয়শিল্পী। গত কোরবানির ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি আর গত শুক্রবার মুক্তি পেয়েছে
ভালোবাসা জিন্দাবাদ।
দুর্ঘটনা...
মাস তিনেক আগে থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলাম ইফতেখার চৌধুরীর অগ্নি ছবির শুটিং করতে। সেখানে মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান কাঁধের সঙ্গে হাত ডিসলোকেশন হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হই। ব্যথানাশক ওষুধ খেয়ে আবার কাজে নেমে পড়ি। কারণ, কাজটা তো শেষ করতে হবে।
চিকিৎসা করতে ভারতে...
তারপর চিকিৎসার জন্য ভারতে যাই। সেখানে অস্ত্রোপচার করার পর এখন বেশ সুস্থ। ৩৮ দিন পর দেশে ফিরেছি। আগামীকাল বুধবার থেকে ফিজিওথেরাপি নেওয়া শুরু করব। আশা করছি, শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাব।
অবসর যেভাবে কাটছে...

টানা এত দিন কখনো দেশের বাইরে থাকিনি। একে তো শারীরিক যন্ত্রণা, তার ওপর পরিবার থেকে দূরে থাকার কষ্টটা খুব ভয়ানক। দেশে এসে পরিবারের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’...
দুটি ছবির মুক্তির সময় দেশে থাকতে পারিনি। তবে এখন তো প্রতি সেকেন্ডের হালনাগাদ তথ্য পাওয়া যায়। আমিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকদের কাছ থেকে দুটি ছবির ফিডব্যাক পেয়েছি। সবাই খুব ভালো বলছেন।
নেতিবাচক চরিত্রে আমি...
আমাদের দেশে এখনো নেতিবাচক চরিত্রে অভিনয়ের ব্যাপারটি ততটা গুরুত্ব পায় না। তবে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবিতে নেতিবাচক চরিত্রে কাজ করার সিদ্ধান্ত হঠাৎ করে নিয়েছি। সময় বদলাচ্ছে, নেতিবাচক চরিত্রও যে অনেক গুরুত্বপূর্ণ, এখন দর্শক তা বুঝতে পারছেন।
নতুন ছবির কাজ...
অগ্নি ছবির কাজ শেষ। মন বোঝে না এবং ছায়াছবিও মুক্তির অপেক্ষায়।
মাহফুজ রহমান