'শিল্প-সাহিত্যের চর্চা মানুষকে সুন্দরভাবে বাঁচতে প্রেরণা জোগায়'

হত্যা ও আত্মহত্যা রোধে জনমত গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সঙ্গে এ দুই অপরাধকে জঙ্গিদের আশ্রয় বলেও বর্ণনা করেন তিনি। মন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবন সভাকক্ষে আসাদ সরকার নির্মিত ‘স্টপ সুইসাইড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হত্যা ও আত্মহত্যা উভয়ই মহাপাপ। জঙ্গিরাও এ দুই অপরাধের আশ্রয় নেয়। এ ধরনের ধ্বংসাত্মক প্রবণতা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। তিনি এ সময় চলচ্চিত্র নির্মাতা আসাদ সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, আত্মহত্যা ও হত্যা রোধে ব্যাপক জনমত গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার ও শিল্পীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
তরুণ চলচ্চিত্র নির্মাতা আসাদ সরকারের সভাপতিত্বে প্রদর্শনীপূর্ব সভায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী এ ধরনের চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করে বলেন, শিল্প-সাহিত্যের চর্চা মানুষকে সুন্দরভাবে বাঁচতে প্রেরণা জোগায়। তাই শিল্প-সাহিত্যচর্চাকে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ গুরুত্বদান অব্যাহত রাখতে হবে। প্রদর্শনীতে বিশিষ্ট সংগীতশিল্পী খুরশীদ আলম, ‘স্টপ সুইসাইড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতাসহ শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সভাশেষে ২০ মিনিটের ‘স্টপ সুইসাইড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখা যায়, শুধু প্রয়োজনীয় কাউন্সেলিং, সহমর্মী কিংবা সহযোগী হয়ে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই আত্মহত্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঢাকার প্রিমিয়ার শোর পর সারা দেশের ৬৪ জেলায় আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক একটি সেমিনারের মাধ্যমে পর্যায়ক্রমে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।