‘শিল্পকলা একাডেমীর চেহারা পাল্টে যাবে’
দুই মাস হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন লিয়াকত আলী লাকী। দায়িত্ব পেয়েই স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাজেট পাঠিয়েছেন, যে পরিকল্পনাগুলোর জন্য বরাদ্দ পেয়েছেন, কিংবা যা আগেই বরাদ্দ হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন শুরু করেছেন। কথা হলো নতুন মহাপরিচালকের সঙ্গে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর কী পরিকল্পনা করছেন?বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিশাল একটা ক্যানভাস। যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল, এর যে বিস্তৃতি আছে, তার ভেতরে থেকে এই ক্যানভাস তৈরির চেষ্টা করছি। এখানে আমি শিল্পের উৎকর্ষের জায়গাকে প্রাধান্য দিচ্ছি। শিল্পের প্রতিটি বিভাগকে সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সারা দেশে শিল্পকলা একাডেমীর অসংখ্য শাখা রয়েছে। এগুলোর ব্যাপারে কী ভেবেছেন?ঢাকার বাইরে দেশের ৬৩টি জেলায় শিল্পকলা একাডেমীর শাখা আছে। সব কটিকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছি। সব কটি জেলায় শিল্পকলা একাডেমীর কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাস দুয়েকের মধ্যেই স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হবে। প্রতিটি জেলা শিল্পকলা একাডেমীর জন্য বাজেট বরাদ্দ ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবার তা চারগুণ বাড়ানো হচ্ছে। এ ছাড়া এখানে গান, নাচ, নাটক, চারুকলা ও তবলার ওপর যাঁরা প্রশিক্ষণ দেন, তাঁদের দেওয়া হতো ৫০০ টাকা। এবার তা ১৫০০ টাকা করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুধু সেগুনবাগিচাকেন্দ্রিক। ঢাকার অন্যান্য এলাকার মানুষ তো আপনাদের সব কার্যক্রমে অংশ নিতে পারে না।ঠিকই বলেছেন। এখন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিভিন্ন অনুষ্ঠান সেগুনবাগিচার পাশাপাশি ঢাকার উত্তরা, ধানমন্ডি, গেন্ডারিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজন করা হবে। এ ছাড়া চলচ্চিত্র, চারুকলা ও গানের ওপর তিনটি ভ্রাম্যমাণ ইউনিটের বাজেট বরাদ্দ চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আমরা ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে সবার কাছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে পৌঁছে দিতে পারব।ইদানীং দেখছি, প্রতি শুক্রবার আপনারা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের পীঠস্থান হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প নিচ্ছি। এরই মধ্যে প্রতি শুক্রবার চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। এগুলো যে কেউ উপভোগ করতে পারবে। তবে আগামী জুলাই মাস থেকে শুক্রবার সকালে ছোটদের জন্য এবং মঙ্গলবার সন্ধ্যায় বড়দের জন্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনেক দিন পর দেখছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সার্কাস হচ্ছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অন্যতম একটি কাজ লোকজ সংস্কৃতির বিকাশ। এখন আমরা সার্কাস ও পুতুল খেলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, যাতে সামনে বাংলাদেশের সার্কাস ও পুতুল খেলাকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো যায়। আর এগুলোকে বিশ্বমানের ও আধুনিক করার জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করব। এখন তো সবক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহূত হচ্ছে।আমরাও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পুরো কার্যক্রমকে ডিজিটাল প্রযুক্তিতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। এর ফলে যে কেউ মুহূর্তেই আমাদের সব কার্যক্রমের ব্যাপারে জানতে পারবে। দর্শকসংখ্যা বাড়বে। আমরা নতুন দর্শক তৈরির দিকটিকে কিন্তু শুরু থেকেই গুরুত্ব দিচ্ছি। আপনি তো অনেক পরিকল্পনার কথা বললেন। এগুলো বাস্তবায়নের জন্য কতটা সময় লাগবে? আমরা খুব দ্রুতই চেষ্টা করছি। আশা করছি, এই সব কটি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চেহারাটা একেবারেই পাল্টে যাবে।