'শিল্প' হয়েও চাঙা হয়নি ঢাকাই চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া মন, মাই নেম ইজ খান, দেহরক্ষী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ফুল এন ফাইনাল ও জটিল প্রেম—গত বছর মুক্তিপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের মধ্যে ব্যবসাসফল ছিল মাত্র এই ছয়টি। শিল্প হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার পরও খাতটি জমে উঠছে না।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন বলেছেন, প্রেক্ষাগৃহে চালানোর জন্য সপ্তাহে অন্তত দুটি বাণিজ্যিক ধারার নতুন চলচ্চিত্র প্রয়োজন। কিন্তু সে হারে ছবি তৈরি হচ্ছে না।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কাছ থেকে পাওয়া হিসাবে দেখা যায়, ২০১২ সালে ৪৭টি ছবি মুক্তি পেয়েছিল। এ খাতে নতুন রক্তসঞ্চারের তাগিদ থেকে সে বছর আজকের তারিখে সরকার চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু পরের বছরে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৪৪-এ নেমে আসে। এ রকম এক প্রেক্ষাপটেই আজ বৃহস্পতিবার পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস।
কয়েক বছর ধরেই ছবির সংখ্যা নিম্নগামী। শিল্পের তকমা দিয়ে এই নিম্নগতি ঠেকানো যাচ্ছে না। প্রযোজক-পরিবেশক, প্রদর্শক ও নির্মাতা—সব পক্ষই বলছে, নামেই শিল্প হয়েছে। শিল্প হিসেবে সহজ শর্তে ঋণ, কম শুল্কে যন্ত্রপাতি-কাঁচামাল আমদানির সুযোগ, কম দামে বিদ্যুৎ, প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা—এসব কিছুই তাঁরা পাচ্ছেন না।
শিল্পের সুবিধাগুলো পেতে হলে চলচ্চিত্রসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগে শিল্পপ্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হতে হবে। কিন্তু শিল্প মন্ত্রণালয় এখনো নিবন্ধন কর্তৃপক্ষ নির্ধারণ করেনি। আবার চলচ্চিত্রে ব্যবহূত যন্ত্রপাতি ও পণ্যের নাম শুল্ক বিভাগের তফসিলে বিস্তারিতভাবে নেই বলে করসুবিধা মিলছে না।
চলচ্চিত্র নির্মাণকে সমর্থন-সহযোগিতা জোগানোর প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনও (বিএফডিসি) শিল্প হিসেবে নিবন্ধিত নয়। ফলে বিএফডিসিকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বাণিজ্যিক হারে, ৫০ কেভির ওপর ব্যবহারকারী শিল্পের জন্য প্রযোজ্য নমনীয় হারে নয়। প্রেক্ষাগৃহগুলোরও একই দশা।
খাতটির সক্ষমতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তথ্য মন্ত্রণালয়ের এক নথিতে দেখা যায়, বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য নেওয়া প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বিএফডিসি খরচ করতে না পারায় প্রথম কিস্তির নয় কোটি ৭২ লাখ টাকা ফেরত গেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ‘আশা করছি নির্মাতারা আগামী তিন-চার মাসের মধ্যে বিএফডিসির কারিগরি সহায়তা পাবেন।’
ঢাকার কাছে কবিরপুরে ১০৫ একর জমির ওপর চলচ্চিত্র নগর নির্মাণের কাজ চলছে। তবে জায়গাটি নির্মাতাদের খুশি করতে পারেনি। একাধিক প্রেক্ষাগৃহ সিনেপ্লেক্স নির্মাণের জন্য পাঁচ বছর পর্যন্ত কর মওকুফ করা হয়েছে। কিন্তু দুই বছরে নতুন সিনেপ্লেক্স তৈরি হয়েছে কেবল একটি।
শিল্প ঘোষণার পর চলচ্চিত্র নির্মাণ এবং সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার জন্য ক্ষুদ্র শিল্প হিসেবে সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংকঋণ পাওয়ার কথা ছিল। কিন্তু প্রযোজক ও নির্মাতারা বলছেন, ব্যাংকগুলো এভাবে ঋণ দিচ্ছে না।
নির্মাতা মোরশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেউ আগে থেকে বলতে পারে না, একটি চলচ্চিত্র ব্যবসাসফল হবে কি না। ঋণ দেওয়ার ক্ষেত্রে তাই কোনো ব্যাংককে আস্থায় আনা কঠিন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বিশেষ ব্যবস্থা চাইলেন। তিনি বললেন, অন্য অনেক দেশে চলচ্চিত্রে ঋণসুবিধা দেওয়ার জন্য ফিল্ম ফিন্যান্স করপোরেশন থাকে। এখানেও চলচ্চিত্রে বিনিয়োগের জন্য বিশেষায়িত ঋণদাতা প্রতিষ্ঠান দরকার।
শিল্প ঘোষণার পর অবশ্য টিকিটের দামের ওপর কর কমেছে। আগের ১২৫ শতাংশ থেকে এটা নেমে এসেছে ১৫ শতাংশে। তাতে টিকিটের দাম কমেনি। মোরশেদুল ইসলাম বলেন, প্রদর্শকেরাই টিকিটের টাকার বেশির ভাগ নিয়ে যাচ্ছেন। প্রযোজক তাঁর বিনিয়োগের তুলনায় খুব কম ফেরত পাচ্ছেন। সরকারের এ ক্ষেত্রে কোনো নজরদারি নেই।
এদিকে মিঞা আলাউদ্দিন বলছেন, টিকিটের দাম কমালে মালিকেরা প্রেক্ষাগৃহ চালাতে পারবেন না। কারণ, দর্শক না বাড়ায় কর কমলেও লাভ হচ্ছে না। প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, অনেক দিন পরে গত বছর রোজার ঈদে প্রতি সপ্তাহে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু কোরবানির ঈদের পর রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ধস নামে। এখন ৩০ শতাংশ টিকিটও বিক্রি হয় না।
হল ভেদে দামে বিস্তর ফারাকও দেখা যায়। ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সে ঢাকাই একটি সিনেমার টিকিটের মূল্য যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা, বলাকায় সেই একই ছবি দেখা যায় ১৫০ থেকে ২০০ টাকায়। আবার রাজমণি সিনেমা হলে টিকিটের দাম মাত্র ৫০ টাকা।
সম্প্রতি রাজমণিতে জিদ্দি মামা দেখে বেরিয়ে বেজায় খুশি ছিলেন ওমানপ্রবাসী আরিফ। তবে বসুন্ধরা সিনেপ্লেক্সে অগ্নি দেখে তৃপ্ত হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলাম। তিনি টিকিটের দাম নিয়ে গজগজ করলেন। আর বললেন, কিছু ছবির কারিগরি মান হয়তো বেড়েছে, কিন্তু কাহিনি এখনো অবাস্তব।