রাজধানীর সেনা সিনেমা হল, বিকাল সাড়ে পাঁচটার শো। ছবির নাম সর্বনাশা ইয়াবা। হলের ভেতরের অবস্থা তখন হাউসফুল না হলেও ‘হাউস-হাফ’ তো বটেই। পরিবেশটা গুমোট। প্রথমবার ঢুকেই দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছা করে। আঁটসাঁট আসনে থিতু হওয়ার চেষ্টা করি।
এরই মধ্যে ছবির টাইটেল উঠতে শুরু করেছে। ‘কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা—কাজি হায়াৎ’ পর্দায় ভেসে উঠতেই দর্শকের সে কী উল্লাস। আরও একবার ‘উল্লাস’ করার সুযোগ হলো নায়ক কাজী মারুফের আগমনে। আগমন না বলে অবশ্য ‘উড়ন্ত আগমন’ বলাটাই ভালো। এক দফা মারধর শেষে জানা গেল নায়কের পরিচয়—ডিবি অফিসার কাজী মারুফ। ছোট বোন তমা (তমা) আর মাকে নিয়ে তাঁর সংসার। সহকর্মী, বন্ধু তিশার (প্রসূন আজাদ) সঙ্গে মন দেওয়া-নেওয়া আগেই হয়েছে। কেবল বিয়েটা আটকে আছে ছোট বোনের পড়া শেষ হওয়ার অপেক্ষায়। ঘটনাক্রমে, ইয়াবায় আসক্ত হয়ে পড়ে তমা। তাকে কিছুতেই ফেরানো যায় না। এমনকি নেশার জন্য একসময় নিজের মাকেও খুন করে সে। ইয়াবার বিরুদ্ধে শুরু হয় মারুফের যুদ্ধ।
গল্প তৈরির ক্ষেত্রে কাজী হায়াৎ বরাবরই সাহসী। বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেন খোলামেলাভাবে। তাই বলে নায়কের বোন তমার পোশাকের দিক দিয়ে এতটা ‘খোলামেলা’ না হলেও বোধ হয় চলত। দুটি গানে তাঁর উপস্থিতি এতটাই অরুচিকর, পর্দার দিকে তাকিয়ে থাকতে কষ্ট হয়। কিছু সংখ্যক দর্শককে শিস বাজানোর সুযোগ করে দিতে এই ‘আয়োজন’ কি খুব জরুরি ছিল?
ক্যামেরায় ভালো কাজ কিংবা ভালো কাজ দেখানোর চেষ্টা, কোনোটাই চোখে পড়েনি। সিনেমাটোগ্রাফার সম্ভবত গল্পটা তুলে ধরতে যেটুকু করা দরকার, ঠিক ততটুকুই করেছেন। গল্পের দিক থেকে সর্বনাশা ইয়াবা যতটা ভালো, শিল্পমানের দিক থেকে ততটাই দুর্বল। ছেলে মারুফকে নিয়ে কাজী হায়াতের প্রথম চলচ্চিত্র ইতিহাস মুক্তি পেয়েছিল ২০০২ সালে। গত ১২ বছরে বাপ-ব্যাটা কতটুকু এগোলেন? সেকেলে কস্টিউম ডিজাইন, যাত্রার ঢঙে সংলাপ বলা—সব শ্রেণির দর্শককে হলে টানতে বড় বাধা হয়ে থাকল।
কাজী হায়াতের ছবির গল্পটা খুবই সমসাময়িক। প্রবীণ এই পরিচালক যদি নিজের সেরাটুকু ঢেলে দিতেন, কী চমৎকার হতে পারত ছবিটা!