ক থো প ক থ ন: মিশু সাব্বির। অভিনয়শিল্পী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন। চাকরি করতেন চ্যানেল আইয়ের ক্রিয়েটিভ অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে। ২০০৭ সালে টিনটিন পাওয়ার নাটক দিয়ে অভিনয় শুরু। আজ রাতে এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ইচ্ছেঘুড়ি

ইচ্ছেঘুড়ি...
অভিনয় করছি চার বছর হলো। এরই মধ্যে অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি। ইচ্ছেঘুড়ি নাটকের পরিচালক শাফায়েত মনসুরের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটা এই সময়ের। অনেক গোছানো।
অভিনয়ের প্রস্তুতি...
আমাদের বাসায় সবাই খুব ছবি দেখে। বাবা-মায়ের কারণে ছবি দেখার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। এই অভ্যাস এখনো রয়ে গেছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ছবি দেখার চেষ্টা করি। এই ছবি দেখা থেকেই অভিনয়ের আগ্রহটা তৈরি হয়।
নতুন জীবন...
আসমা ওয়াসিমা শাম্মার সঙ্গে চার বছর প্রেম করেছি। এবার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। গত শুক্রবার আমাদের বিয়ে হয়েছে। অন্য রকম অনুভূতি এখন আমার মাঝে।
স্বপ্ন...
আমার প্রথম ছবি ইফতেখার ফাহ্মীর টু বি কন্টিনিউড। আর দ্বিতীয় ছবি লালটিপ। দ্বিতীয় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথমটি এখনো মুক্তি পায়নি। তবে এই ছবিটি নিয়ে আমার আশা অনেক। আরেকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে।
নিজেকে মূল্যায়ন...
আমি খুবই মিশুক। আমার অন্তরে যা, মুখেও তা।
নতুন যত নাটক...
কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এগুলো হলো, গোলাম সোহরাব দোদুলের আমোদপুর পাঠশালা, আলভী আহমেদের শূন্য থেকে শুরু, অঞ্জন আইচের ঘাসফুল, আলী ফিদা একরাম তোজোর ফ্যামিলি প্যাক এবং রায়হান খানের কালার ও হান্ড্রেড মিলিয়ন ডলার।
বিনোদন প্রতিবেদক