
ডলি জহুর। অভিনয় করেছেন আশির দশকে বিটিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রিতে। ধারাবাহিকটি এখন পুনঃপ্রচার করা হচ্ছে।
এইসব দিনরাত্রি...
এইসব দিনরাত্রি ধারাবাহিকের শুটিং করার সময় আমি অন্তঃসত্ত্বা ছিলাম। ছয় মাস ওই অবস্থায়ই নিয়মিত শুটিং করেছি। আমার ছেলের জন্মের কথা মনে হলেই নাটকটির কথা মনে হয়।
দর্শকের কথা...
তখন তো একটা টিভি চ্যানেলই ছিল। তাই দর্শকেরা ভালো প্রতিক্রিয়া দেখাতেন। ধারাবাহিকটি যখন প্রচারিত হচ্ছিল, তখন আমার স্বামীকে নিয়ে কলকাতা গিয়েছিলাম। কলকাতা বিমানবন্দরে নামার পরই কয়েকজন আমাকে নিয়ে আলোচনা করছিলেন। পরে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘দিদি, আপনি এইসব দিনরাত্রির নিলু ভাবি না?’ আমি ‘হ্যাঁ’ বলায় তিনি চিৎকার করে উঠেছিলেন, ‘কইছিলাম না, এইটাই নিলু ভাবি।’
আমার মেয়ে টুনি...
টুনির আসল নাম লোপা। এইসব দিনরাত্রিতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। পরে ওকে নিয়েই গল্পটা এগিয়ে যায়। এখন অবশ্য ওর সঙ্গে দেখা হয় না। সম্ভবত দেশের বাইরে আছে। মাঝেমধ্যে হুট করে ফোন করে। সর্বশেষ একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল।
হুমায়ূন আহমেদের সঙ্গে...
হুমায়ূন ভাই নাটকের শুটিংয়ে প্রায় নিয়মিতই আসতেন। শুটিং দেখতেন। যখন ভালো হতো, তখন বাহবা দিতেন। কোনো সংলাপ বা দৃশ্য পরিবর্তন করতে চাইতেন না। আর তিনি শুটিংয়ে আসার সময় প্রায়ই আমার জন্য তাঁর লেখা বই নিয়ে আসতেন। প্রতিটি বইয়ে তাঁর অটোগ্রাফ দেওয়া থাকত। হুমায়ূন আহমেদের বই আমার খুব বেশি কিনতে হয়নি।
সড়ক দুর্ঘটনা...
গত রোববার রাতে উত্তরা থেকে আসার সময় আমি দুর্ঘটনার শিকার হই। একটা তেলের ট্রাক পেছন থেকে এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। আমি একটু আহত হয়েছি। তবে গাড়িটির পেছন দিকটা একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।
এ সময়ের ব্যস্ততা...
এখন কাজ করতে পারছি না। আমার বোন খুব অসুস্থ। তাকে নিয়ে আমার বাবার বাসায় আছি। ওর দেখাশোনা করছি।
মো. রুবেল