ক থো প ক থ ন: ফজলুর রহমান বাবু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী। চাকরি করেছেন ব্যাংকে। এখন পুরোপুরি ব্যস্ত অভিনয় নিয়ে। শখের বশে গানও করেন। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ইয়েস বস নো বস

‘ইয়েস বস নো বস’...
এখানে আমার চরিত্রটি একজন জ্যেষ্ঠ আইনজীবীর। সবার সঙ্গে বসগিরি দেখাই। এই নাটকের শুটিংয়ে একদিন ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে। নাটকে আমার বেশির ভাগ অংশের শুটিং হয় জজকোর্ট এলাকায়। অবরোধের মধ্যে একদিন শুটিংয়ের সময় আমার সামনে ককটেল বিস্ফোরণ হয়। তারপর দৌড়ে নিরাপদ দূরত্বে গিয়ে রক্ষা পাই। এখন আমার অংশের শুটিং বন্ধ আছে।
‘অলসপুর’ নাটকে আমি যতটা অলস...
অলসপুর নাটকের ৪৮৫ পর্ব প্রচারিত হয়েছে। শুনেছি নাটকটি নাকি এক হাজার পর্ব পর্যন্ত চলবে। অলসপুর নাটকের শুটিংয়ে কিন্তু নিজেকে মোটেও অলস মনে হয় না। বরং আমরা সবাই মানসিকভাবে চাঙা থাকি।
নতুন চলচ্চিত্র...
মান্নান হীরার পরিচালনায় একাত্তরের ক্ষুদিরাম ছবিতে অভিনয় করব। রাজনৈতিক পরিস্থিতির কারণে শুটিং শুরু হয়নি। ছবিতে আমি শিক্ষক ও সংগঠকের চরিত্রে অভিনয় করব।
চলচ্চিত্রে নিয়মিত...
আমার প্রথম চলচ্চিত্র আবদুল্লাহ আল মামুন পরিচালিত বিহঙ্গ। তা-ও প্রায় এক যুগ আগের কথা। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি গোলাম রাব্বানী বিপ্লবের বৃত্তের বাইরে। সত্যি কথা বলতে, যে ধরনের ছবিতে অভিনয় করতে চাই, সে ধরনের ছবি হচ্ছে না।
ব্যাংকিং থেকে অভিনয়ে...
অভিনয় আমার রক্তের সঙ্গে মিশে গেছে। ব্যাংকে চাকরি করেছি জীবিকার তাগিদে। একসময় মনে হলো, অভিনয় করেই জীবিকা নির্বাহ করা সম্ভব। আর তখনই চাকরি ছেড়ে অভিনয়ে পুরোপুরি মন দিই।
বিনোদন প্রতিবেদক