'শুনতে কি পাও!' ছবির মূল্য সংযোজন কর মওকুফ
কামার আহমাদ সাইমন পরিচালিত শুনতে কি পাও! ছবির মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করেছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে দারুণ প্রশংসিত ছবিটি দেখার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর দিতে হবে না। মঙ্গলবার ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবিটি দেখার পর তিনি দ্রুত এই সিদ্ধান্ত দিয়েছেন।
ফ্রান্সের প্যারিসে ‘গ্রাঁ প্রি’ আর ভারতের মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ জেতা শুনতে কি পাও! শুক্রবার মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। জানা গেছে, ওই দিন ছবির বেলা ১২টা ৫৫, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটার প্রদর্শনী দর্শকপূর্ণ ছিল। এখন ছবিটি প্রতিদিন বিকেল সোয়া চারটায় প্রদর্শিত হচ্ছে।
সাইমন বলেন, ‘শুনতে কি পাও! প্রামাণ্য চলচ্চিত্র। ছবিটি দেখার ব্যাপারে দর্শকদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’