'শুভ কর্মপথে ধর নির্ভয় গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ ও ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হয়েছে রবীন্দ্রসংগীত উৎসব ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’। আজ সন্ধ্যায় দুই দিনের আয়োজনের প্রথম দিনে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান।
সংসদের শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শিল্পীরা এরপর গেয়ে শোনান ‘আকাশ ভরা সূর্য তারা’ ও ‘প্রাণ ভরিয়ে তৃষ্ণা হরিয়ে’ গান দু’টি। এরপর ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সংসদের জ্যেষ্ঠ সহসভাপতি ড. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান ও সংসদের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন চৌধুরী।
দুই দেশের শিল্পীদের মধ্যে ভাব বিনিময়ের এ আয়োজনে গতকাল সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন ভারতের শ্রীকান্ত আচার্য, প্রবুদ্ধ রাহা ও মধুরিমা দত্ত চৌধুরী। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন দোদুল আহমেদ, ফরহাত হোসেন, ফাহিম হোসেন চৌধুরী, মুজিবুল কাইউম, বদরুন্নেসা ডালিয়া, শরফুল আলম, সুপর্ণা হাসান, আদৃতা আনোয়ার প্রমুখ। আবৃত্তি করেন লায়লা আফরোজ। কাল শনিবার আয়োজনের শেষ দিন।