ফারজানা ছবি। ২০১৩ সালে সীমানা পেরিয়ে নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের রায়ে টেলিভিশনের সেরা অভিনয়শিল্পী (নারী) বিভাগে পেয়েছেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। আজ গাজী টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক শোধ।

এই সময়ে আমি...
আমার জীবনের অন্যতম সেরা সময় পার করছি। তিন দিন আগেই আমি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছি। আমি মনে করি, এ ধরনের স্বীকৃতি একজন মানুষকে নিজের কথা বলার ভিত্তি তৈরি করে দেয়। ভালো কিছু করার উৎসাহ দেয়, শক্তি জোগায়।
পুরস্কার ঘোষণার সেই মুহূর্ত...
নাম ঘোষণার সময় আমার মধ্যে উৎকণ্ঠা কাজ করছিল। ছিল উত্তেজনাও। মঞ্চে যখন উঠলাম, তখন কিছুই বুঝতে পারছিলাম না।
‘শোধ’...
নাটকে আমাকে নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে হিসেবে দেখানো হয়েছে। আমার বিয়ে হয় উচ্চবিত্ত পরিবারে। এরপর শুরু হয় শ্রেণীবৈষম্যের দ্বন্দ্ব। শ্রেণীবৈষম্যের কশাঘাতে মেয়েটি একসময় প্রতিবাদী হয়ে ওঠে।
প্রথম টিভি নাটক...
১৯৯৮ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করি। আবদুল্লাহ আল মামুন পরিচালিত নাটকটির নাম চিঠি।
এখন যা করছি...
শোধ ছাড়া আরও তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এগুলো হচ্ছে যুবরাজ খানের প্রজ্ঞা পারমিতা, হাসান শিকদারের মনপুতুলের বায়োস্কোপ এবং মনিরুজ্জামান লিপন ও তোহিদুল ইসলামের সোনালি মেঘের ভেলা। এ ছাড়া ঈদের জন্য রাজু খানের পরিচালনায় বিনিসুতার মালা নামের একটি টেলিছবির কাজ শেষ করেছি।
নতুন জীবনের পথে...
এরই মধ্যে আমার নতুন জীবন শুরু হয়েছে। সম্প্রতি আমার আক্দ হয়েছে। আগামী ৯ মে হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। জীবনের এক গল্প থেকে আরেক গল্পে প্রবেশ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
বোঝা না-বোঝার অভিনয়...
শুরুতে না বুঝে অভিনয় করতাম। তখন মনে হতো, অভিনয় বুঝি কত সহজ। কিন্তু যখন বুঝে অভিনয় করছি, তখন মনে হলো অভিনয় অনেক কঠিন একটি কাজ।
বিনোদন প্রতিবেদক