
‘ক্ষতবিক্ষত নতুন সকালবেলা, শেষ করব এ রক্তের হোলি খেলা’—এ স্লোগান নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের দশম সম্মেলন। শুক্রবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন সাভারের রানা প্লাজা ধস এবং তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকেরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ও উদীচীর উপদেষ্টামণ্ডলীর সদস্য আহমদ রফিক, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাংবাদিক সিদ্দিক আহমেদ ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার। তাজরীন ফ্যাশনসের পক্ষে জরিনা ইসলাম ও রানা প্লাজার পক্ষে ইমাদুল ইসলাম বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত এবং গণসংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে আলোচনা সভায় উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে অতিথিরা বর্তমান সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় সম্মেলনের সাংগঠনিক পর্ব, কাউন্সিল অধিবেশন। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে ছিল উদীচীর নৃত্য বিভাগের প্রযোজনা ও উদীচীর নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যশৈলী ‘রায়বেঁশে’