'শেষ পর্যন্ত রাজি হতেই হলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রথম আয়োজন উপস্থাপনা করেছিলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা l ফাইল ছবি
মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রথম আয়োজন উপস্থাপনা করেছিলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা l ফাইল ছবি

১২ মার্চ ১৯৯৯ সাল। সেদিন সন্ধ্যায় স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে বসেছিল তারার মেলা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান। আর প্রথম সেই আয়োজনটির মূল কান্ডারি মানে উপস্থাপনার দায়িত্বটি চমত্কারভাবে সম্পন্ন করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা।
সেই দিনটির কথা মনে করিয়ে দিতেই সুবর্ণা মুস্তাফা স্মৃতি হাতড়ে বললেন, ‘খুব মনে আছে। ছোট পরিসরে, খুব গোছানো সেই আয়োজনটি আসলেই পরিচ্ছন্ন ছিল। আজ এত দিন পর ভালো লাগছে এই ভেবে যে, মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রথম আয়োজনটির উপস্থাপনায় ছিলাম আমি আর আফজাল হোসেন। সেটা ছিল আমাদের দুজনের প্রথম কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করা।’
সুবর্ণা বলতে থাকেন, ‘আনিস (আনিসুল হক) একদিন ফোন করে বলল, “আপনি আর আফজাল ভাই আমাদের মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনটি উপস্থাপনা করবেন। আফজাল ভাই রাজি। আপনি মানা করতে পারবেন না।” আমি তখন আনিসের কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু পরে মনে হলো, কাজটা করা ঠিক হবে না। তাই পরদিন আনিসকে ফোন দিয়ে বললাম, আমি তো খুব গম্ভীর মহিলা। তোমাদের অনুষ্ঠান ডুববে। আমাকে বাদ দাও। কিন্তু আনিস নাছোড়বান্দা। শেষ পর্যন্ত রাজি হতেই হলো। মনে আছে, আমি সেদিন সোনালি পাড়, কালো রঙের শাড়ি পরেছিলাম। বোবাও (সুবর্ণার বাবা গুণী শিল্পী গোলাম মুস্তাফা) সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরস্কার তুলে দেওয়ার জন্য। আরও অনেক বরেণ্য মানুষের উপস্থিতি ছিল সেদিন। সেরা সংগীতশিল্পীর পুরস্কার নিতে এলে শিল্পী সাবিনা ইয়াসমীনকে অনুরোধ করতেই তিনি তাঁর গাওয়া আমার প্রিয় গান “এই মন তোমাকে দিলাম” গেয়ে শোনান।’
মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রথম সেই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কলিম শরাফী, আবদুল্লাহ আবু সায়ীদ, বুলবুল আহমেদ, নীলুফার ইয়াসমীন, জুয়েল আইচ—এমন অনেক গুণীজন। অনুষ্ঠানে সুমন চট্টোপাধ্যায় গিটার বাজিয়ে গেয়েছিলেন ওই সময়ের জনপ্রিয় গান ‘প্রথমত আমি তোমাকে চাই’।
ভোট দিন: